ডিএনআর (DNR)-এর ৩২ বছর বয়সী পার্ক রেঞ্জার নিক ডবিন্স বেল আইল পার্কে প্রবল ঝড়ের পর মাটিতে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটছেন/Clarence Tabb Jr., The Detroit News
ডেট্রয়েট, ৫ সেপ্টেম্বর : ডেট্রয়েটের লোয়ার ইস্ট সাইড এলাকায় টর্নেডো আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS)। আবহাওয়া দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩ সেপ্টেম্বরের ঝড়ের সময় ডেট্রয়েটের পূর্বাঞ্চলে একটি নিশ্চিত টর্নেডোর সৃষ্টি হয়।
৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড জানান, টর্নেডোয় ক্ষতিগ্রস্ত এলাকা মাউন্ট এলিয়ট ও ইস্ট ভার্নর এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বেল আইল পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি বলেন, টর্নেডোর আঘাত খুব একটা আশ্চর্যজনক নয়, কারণ শহরের পূর্বাঞ্চলে ইতোমধ্যে ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে।
মেয়র জানান, নিজের নবজাতক সন্তানকে রক্ষা করতে গিয়ে এক বাবা আহত হয়েছেন। এ সময় তাঁর বাড়ির ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। তাঁর কাঁধের হাড় সরে যাওয়ার মতো গুরুতর আঘাত লাগে। মেয়র ওই ব্যক্তিকে ‘বীর’ হিসেবে উল্লেখ করে বলেন, শহরের সেবা প্রদানকারী দল তাঁকে ও তাঁর পরিবারকে সরাসরি সহায়তা করছে। তবে এ ঘটনায় আর কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি বলে জানান মেয়র।
এর আগে ৪ সেপ্টেম্বর আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন, ঝড়ের ক্ষয়ক্ষতি পর্যালোচনার পর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের একটি দলকে টর্নেডোর বিষয়ে তদন্ত করতে ডেট্রয়েটে পাঠানো হয়েছে।
তদন্তে টর্নেডোর তীব্রতা, আকার ও ক্ষয়ক্ষতির বিস্তৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (NOAA) ন্যাশনাল সেন্টারস ফর এনভায়রনমেন্টাল ইনফরমেশনের তথ্য অনুযায়ী, ডেট্রয়েটে এর আগে সর্বশেষ টর্নেডো আঘাত হেনেছিল ঠিক ৩৩ বছর আগে, ১৯৯৩ সালের ৩ সেপ্টেম্বর।
সংস্থাটির তথ্য বলছে, ১৯৫৩ সাল থেকে ওয়েইন কাউন্টিতে ৪২টি টর্নেডো আঘাত হেনেছে। এসব ঘটনায় দুজন নিহত ও ১৮৮ জন আহত হয়েছেন। টর্নেডোয় আনুমানিক ১২ কোটি ৬০ লাখ ডলারের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে শহরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের পরও ডেট্রয়েটের প্রায় ৩০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন রয়েছেন। ৪ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ঝড়ে প্রায় ১০০টি ট্রাফিক সিগন্যাল অচল হয়ে পড়েছে, প্রায় ৮০টি গাছ উপড়ে গেছে এবং অন্তত ২০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনার মধ্যে ছাদ ও দেয়ালের পাশাপাশি আশপাশের গাছপালারও ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ৪ সেপ্টেম্বর সকাল ১১টা পর্যন্ত শহরের জরুরি সেবাদানকারী দলগুলো ঝড়-সম্পর্কিত ৬৫টি ঘটনার মোকাবিলা করেছে। তীব্র ঝড়ের প্রভাবে মেট্রো ডেট্রয়েট এলাকায় এখনও ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত রয়েছে। সর্বশেষ হিসাবে প্রায় ২ লাখ ৭৮ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
মেয়র মেরি শেফিল্ড জানিয়েছেন, বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করতে শহর কর্তৃপক্ষ একটি ‘বহু-বিভাগীয় পদক্ষেপ’ গ্রহণ করেছে। উদ্ধার, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও পুনরুদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
