সিলেট, ৫ সেপ্টেম্বর : সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির বর্ষীয়ান নেতা এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ মৌলভীবাজারে এম. সাইফুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় এম. সাইফুর রহমানের ছেলে এম. নাসের রহমান এমপিসহ সিলেট জেলা বিএনপি ও মৌলভীবাজারের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি। তিনি শুধু একজন জাতীয় নেতা ছিলেন না, আমাদের মতো অসংখ্য নেতাকর্মীর অভিভাবকও ছিলেন। তাঁর স্নেহধন্য হয়ে আমরা রাজনীতিতে পথ চলেছি।”
তিনি বলেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় এম. সাইফুর রহমানের মতো নেতাদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি ছিলেন নেতাকর্মীদের জন্য একজন অভিভাবকতুল্য নেতা।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন অর্থমন্ত্রী হিসেবে এম. সাইফুর রহমান দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সম্পদ আহরণ ও রাজস্ব ব্যবস্থাপনায় তাঁর গুরুত্বপূর্ণ চিন্তা ও উদ্যোগ ছিল।
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তাবেষ্টনীসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নেও এম. সাইফুর রহমানের নীতিগত ভূমিকা ছিল। শিক্ষা, বিশেষ করে নারীশিক্ষার প্রসারে তাঁর সময়ের বিভিন্ন উদ্যোগ দেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
এম. সাইফুর রহমানের অর্থনৈতিক চিন্তা, নীতি-নির্ধারণী ভূমিকা ও রাষ্ট্র পরিচালনায় দূরদর্শিতা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, বলেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
এদিকে, এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে এম. সাইফুর রহমানের কর্মময় জীবন ও দেশের অর্থনীতি ও উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন লস্কর, কামরুল হাসান শাহিন, আহমেদুর রহমান চৌধুরী মিলু, জিল্লুর রহমান সোয়েব, কুহিনুর আহমদ, শাকিল মোর্শেদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, লোকমান আহমদ, সালিক আহমদ, মনিরুল ইসলাম তোরন, সোলেমান আহমদ, শওকত মিয়া, শাহিন আলম জয়, আতাউর রহমান কাচা, সেলিম আহমদ, সাহেদ আহমদ, মিজানুর রহমান বেলাল, মোস্তাক আহমদ মোস্তাক, মাহবুব আলম, জাহেদূর রহমান, মুক্তার আহমদ, জুনেদ আহমদসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে এম. সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

উৎফল বড়ুয়া :