ওয়ারেন, ৬ সেপ্টেম্বর: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা করেছে মিশিগান শিব মন্দির। গতকাল শনিবার বিকেলে সংকীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে মন্দির ও আশপাশের এলাকা।
মিশিগার রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি রূপ নেয় এক প্রাণবন্ত ধর্মীয় উৎসবে। ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় পতাকা হাতে ভক্তরা শোভাযাত্রায় অংশ নেন। সংকীর্তনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি মন্দিরের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গীতা পাঠ ও শুভ অধিবাস। এই প্রথম বৈষ্ণব বিধি অনুসারে শুভ অধিবাস পরিচালনা করেন তমাল প্রভু।
জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল রোববার দিনব্যাপী অনুষ্ঠিত হবে উদয়াস্ত হরিনাম সংকীর্তন। এতে মিশিগান শিব মন্দির সম্প্রদায়, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, বাসুদেব সম্প্রদায়, রাধাকৃষ্ণ সম্প্রদায়, ইসকন সম্প্রদায়, সপ্তসুরের রাগিনী, গৌর সম্প্রদায় ও রাধা বিনোদিনী সম্প্রদায়ের ভক্তরা অংশ নেবেন।
এছাড়া অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের শতনাম পাঠ অনুষ্ঠিত হবে।
মিশিগান শিব মন্দিরের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, দিনব্যাপী উদয়াস্ত হরিনাম সংকীর্তনের শেষপর্বে দধি ভঞ্জন করবেন শ্রী সুভাষ দাশ ও তাঁর সহধর্মিণী শ্রীমতী চম্পা দাশ। এর মধ্য দিয়ে দুইদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
