নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।”
দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি, নিজের নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন।
দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনা বলেন, “আমি দেশের মানুষের কাছে যাব। কারণ, মানুষ এখন কষ্ট পাচ্ছে। তাদের পাশে আমাকে দাঁড়াতে হবে। তাতে যদি আমার জীবনও যায়, যাবে।”
বাংলাদেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে দাবি করে তিনি বলেন, এর প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না; এর খেসারত ভারতকেও দিতে হতে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা দাবি করেন, তিনি স্বেচ্ছায় দেশ ছাড়তে চাননি। হেলিকপ্টারে সীমান্ত পার হওয়ার পর জানতে পারেন যে তাঁকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, “আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ৬ লক্ষ মামলা দেওয়া হয়েছে।”
শেখ হাসিনা আরও বলেন, ডিসেম্বর মাসটি তিনি ইচ্ছা করেই বেছে নিয়েছেন, কারণ এটি বাংলাদেশের বিজয়ের মাস। তিনি বলেন, “আগে না, ডিসেম্বর মাসেই যাবো—আমি সিদ্ধান্ত নিয়েছি। সেভাবেই আমি প্রস্তুতি নিচ্ছি।”
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
