ল্যান্সিং, ৮ সেপ্টেম্বর : মিশিগানের হাজার হাজার গাড়িচালক সম্প্রতি এমন ‘এনহ্যান্সড লাইসেন্স’ (Enhanced License) পেয়েছেন, যাতে তাদের নিজেদের ছবির পরিবর্তে অন্য ব্যক্তির ছবি রয়েছে। মিশিগান ডিপার্টমেন্ট অব স্টেট জানিয়েছে, প্রায় ৮,২০০ বাসিন্দা এ ধরনের ভুল তথ্য বা ছবি সংবলিত লাইসেন্স ও স্টেট আইডি পেয়েছেন।
বিভাগটি জানায়, লাইসেন্স ও স্টেট আইডি মুদ্রণের সময় একটি ভেন্ডর প্রতিষ্ঠান ভুলবশত ‘স্টক ফটো’ (সাধারণ বা নমুনা ছবি) ও জন্মতারিখ ব্যবহার করায় এ সমস্যা তৈরি হয়েছে। কর্মকর্তাদের তথ্যমতে, ‘আইডেমিয়া’ (Idemia) নামের একটি কোম্পানি এসব কার্ড তৈরি করে এবং গত ২৬ আগস্ট সেগুলো মুদ্রণ করা হয়।
রোববার এক ফেসবুক পোস্টে মিশিগান ডিপার্টমেন্ট অব স্টেট জানায়, ভুলভাবে মুদ্রিত কার্ডগুলোর নিচের ডানদিকের কোণায় কার্ডধারীর নিজস্ব ছবির পরিবর্তে একটি স্টক ফটো এবং ভুল জন্মতারিখ ছাপা হয়েছে। এসব ভুল তথ্য কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়; বরং সাধারণ বা নমুনা তথ্য।
এ বিষয়ে মঙ্গলবার আইডেমিয়ার কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।
রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধিত লাইসেন্স ও আইডি কার্ড ইতিমধ্যে ডাকযোগে পাঠানো শুরু হয়েছে। ভুল তথ্য বা ছবি সংবলিত কার্ড পাওয়া বাসিন্দাদের এ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
তবে নতুন কার্ড হাতে না পাওয়া পর্যন্ত প্রয়োজন হলে তারা মিশিগান সেক্রেটারি অব স্টেটের যেকোনো শাখা অফিসে যেতে পারেন। এছাড়া মিশিগান ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে লগইন করে একটি অস্থায়ী লাইসেন্স বা স্টেট আইডি প্রিন্ট করে ব্যবহার করা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :