গত ১৪ জুলাই,মঙ্গলবার মিশিগানের হ্যামট্রাম্যাক শহরের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় তীব্র রোদ থেকে বাঁচতে এক নারী ছাতা ব্যবহার করছেন; এদিন তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের ওপরের দিকে পৌঁছেছিল/Katy Kildee, The Detroit News
ল্যান্সিং, ১০ সেপ্টেম্বর : ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (NWS) তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব মিশিগানে ২০২৬ সালের গ্রীষ্ম ছিল রেকর্ড করা অন্যতম উষ্ণ মৌসুম। NWS-এর দক্ষিণ-পূর্ব মিশিগান জলবায়ু বিষয়ক গ্রীষ্মকালীন প্রতিবেদনে বলা হয়েছে, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ডেট্রয়েটে গড় দৈনিক তাপমাত্রা ছিল ৭৩.৪ ডিগ্রি ফারেনহাইট। একই সময়ে ফ্লিন্টে গড় তাপমাত্রা ছিল ৭০.৫ ডিগ্রি এবং সাগিনোতে ৭০.৬ ডিগ্রি।
প্রতিবেদন অনুযায়ী, ডেট্রয়েটের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি ছিল। ফ্লিন্টে তা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি এবং সাগিনোতে ০.৮ ডিগ্রি বেশি রেকর্ড করা হয়। তাপমাত্রার এই বৃদ্ধি খুব বেশি মনে না হলেও দীর্ঘমেয়াদি রেকর্ডের বিচারে এটি ডেট্রয়েটকে ২০তম উষ্ণতম গ্রীষ্মের তালিকায় স্থান দিয়েছে।
NWS-এর তথ্য অনুযায়ী, ডেট্রয়েটে রেকর্ড করা সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম ছিল ২০১৬ সালে। সে বছর গড় দৈনিক তাপমাত্রা ছিল ৭৪.৯ ডিগ্রি। বিপরীতে, সবচেয়ে শীতল গ্রীষ্মের রেকর্ড ১৯১৫ সালের, যখন গড় দৈনিক তাপমাত্রা ছিল ৬৬.৫ ডিগ্রি।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের গ্রীষ্মে ডেট্রয়েটের তাপমাত্রা একবারও ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়নি। তবে নয় দিন তাপমাত্রা ৯০ ডিগ্রি বা তার বেশি ছিল। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১ জুলাই, যখন পারদ ৯৭ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়।
আবহাওয়া দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের গ্রীষ্মে দক্ষিণ-পূর্ব মিশিগানে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকলেও মৌসুমটি ছিল মূলত শুষ্ক।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মের তিন মাসে ডেট্রয়েটে মোট ৮.০৭ ইঞ্চি, ফ্লিন্টে ৭.৯৪ ইঞ্চি এবং সাগিনাওতে ৯.০৯ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ‘মোটর সিটি’খ্যাত ডেট্রয়েটে এ সময় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ১.৯৬ ইঞ্চি কম ছিল। ফ্লিন্টে স্বাভাবিকের তুলনায় ১.৭৫ ইঞ্চি এবং সাগিনাওতে ০.৮৭ ইঞ্চি কম বৃষ্টিপাত হয়েছে।
এনডব্লিউএসের (NWS) তথ্য অনুযায়ী, ডেট্রয়েটে রেকর্ড করা সবচেয়ে বেশি বৃষ্টিপাতের গ্রীষ্ম ছিল ১৮৯৬ সালে। ওই গ্রীষ্মে শহরটিতে মোট ১৬.৯৬ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছিল।
প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, চলতি গ্রীষ্মে মেট্রো ডেট্রয়েট এলাকায় মাত্র একদিনে এক ইঞ্চি বা তার বেশি বৃষ্টিপাত হয়েছে। ৫ জুলাই ছিল মৌসুমের সর্বাধিক বৃষ্টিপাতের দিন; ওই ২৪ ঘণ্টায় ডেট্রয়েটে ১.৬৫ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়া দপ্তরের সারসংক্ষেপে বলা হয়েছে, চলতি গ্রীষ্মে দক্ষিণ-পূর্ব মিশিগান বেশ কয়েক দফা তীব্র আবহাওয়ার মুখোমুখি হয়েছে।
৯ জুলাই সাগিনাও শহর থেকে প্রায় ১৩ মাইল উত্তর-পশ্চিমে ফ্রিল্যান্ড এলাকায় একটি ইএফ-১ (EF-1) টর্নেডো আঘাত হানে। এনডব্লিউএস জানিয়েছে, একই সময়ে মন্টরোজের কাছাকাছি এলাকাতেও আরেকটি টর্নেডোর ঘটনা ঘটে।
পরদিন ওয়েইন কাউন্টির বিভিন্ন এলাকায়, বিশেষ করে ডিয়ারবর্ন ও ডিয়ারবর্ন হাইটসে, তীব্র ঝড় আঘাত হানে। এনডব্লিউএসের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, অসংখ্য গাছ উপড়ে পড়ে এবং রাজ্যজুড়ে ৮৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন।
এর আগে ১১ ও ১২ জুন রাতের তীব্র ঝড়ে প্রবল বাতাস ও বড় আকারের শিলাবৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় গাছ ভেঙে ও উপড়ে পড়ে। এতে বিদ্যুৎ সঞ্চালন লাইনও ক্ষতিগ্রস্ত হয়।
৩ জুলাইও শক্তিশালী ঝড় ও ঝোড়ো বাতাস দক্ষিণ-পূর্ব মিশিগানের ওপর দিয়ে বয়ে যায়। এতে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :