ওয়ারেন, ২৮ সেপ্টেম্বর : মেয়েকে গাড়ি চালানো শেখানোর সময় গাড়ির ধাক্কায় ৬২ বছর বয়সী বাবা নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়ারেন পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকেল ৪টার দিকে ওয়ার্নার অ্যাভিনিউয়ের ২৪০০০ ব্লকে, ডেকুইন্ডার ও রায়ান রোডের মধ্যবর্তী স্টিফেনস রোডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি তাঁর ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। প্রশিক্ষণের একপর্যায়ে মেয়েটি গাড়ি চালানোর সময় তাঁর বাবাকে ধাক্কা দেন এবং গাড়ির সঙ্গে তাঁকে কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যান।
খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মেয়েটি ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার পেছনে মাদক বা অ্যালকোহলের কোনো সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে না। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে ওয়ারেন পুলিশ বিভাগে (586) 574-4741 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :