ব্রাউন সিটি, ৩০ সেপ্টেম্বর: স্যানিলাক কাউন্টির একটি খামারে ঘোড়ায় টানা ওয়াগন উল্টে ১৬ বছর বয়সী এক অ্যামিশ কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মিশিগান স্টেট পুলিশের (MSP) তথ্য অনুযায়ী, বিকেল পৌনে ৫টার দিকে ব্রাউন সিটির বেইলি রোডের কাছে স্টিমসন রোডের ৩৪০০ ব্লকে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কিশোরটি খড় বাঁধার কাজে নিয়োজিত ছিল। এ সময় ওয়াগনটি টানার কাজে ব্যবহৃত ঘোড়াগুলোর একটি হঠাৎ চমকে উঠলে ওয়াগনটি উল্টে যায়। পরে উল্টে যাওয়া ওয়াগনটি কিশোরটির ওপর পড়ে এবং সে এর নিচে আটকা পড়ে।
খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে আকাশপথে একটি ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা ঘোড়া আহত হয়নি। কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।
মিশিগান স্টেট পুলিশ ঘটনাটিকে ‘খামারে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে পুলিশ নিহত কিশোরের পরিবার ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, এই কঠিন সময়ে তাদের চিন্তা ও সহানুভূতি পরিবারের সঙ্গেই রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :