ঢাকা, ৮ অক্টোবর: সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে বিভিন্ন ইউনিটে পদায়িত ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার বিপুল জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে দায়িত্ব পালন করছে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকেও নতুন পথরেখা নির্মাণ করতে হয়েছে। এ পথরেখা জনপ্রত্যাশা, মানবাধিকার এবং নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীলতার ওপর ভিত্তি করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, নবপদায়িত পুলিশ কর্মকর্তাদের নব উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে বাহিনীর একজন ‘অ্যাম্বাসেডর’ হিসেবে জনতার পাশে দাঁড়াতে হবে।
আইজিপি আরও বলেন, ‘পুলিশিং একটি সেবা ও চ্যালেঞ্জ।’ ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। এ সময় অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মুশফেকুর রহমান, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান, অতিরিক্ত আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) ও নবগঠিত সাইবার পুলিশ ইউনিটের প্রধান মো. ইকবাল হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআইজি (প্রশাসন) মো. হুমায়ুন কবীর।
৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী কর্মকর্তা রয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :