ওয়ালড লেক, ২১ অক্টোবর : ডেট্রয়েট ফ্রি প্রেস ম্যারাথনের এক দিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান। ওয়ালড লেক পুলিশ বিভাগ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, ১৭ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৫টার ঠিক আগে ওয়ালড লেকের ডেকার রোডে নর্থ পন্টিয়াক ট্রেইল ও ওয়েস্ট ম্যাপল রোডের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। প্রাণঘাতী এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ওয়ালড লেক ফায়ারফাইটার্স অ্যাসোসিয়েশন ফেসবুক পোস্টে জানায়, একটি গাড়ি গাছে ধাক্কা খেয়েছে—এমন খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গাড়ির ভেতরে থাকা দুজনকে গুরুতর আহত অবস্থায় আটকে থাকতে দেখা যায়। পরে তাঁদের উদ্ধার করে নোভির হেনরি ফোর্ড প্রভিডেন্স হাসপাতালে নেওয়া হয়।
নোলানের বাবা জেসন নোলান ফেসবুক পোস্টে জানান, দুর্ঘটনার সময় তাঁর মেয়ে গাড়িটির যাত্রী ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন নোলানের প্রেমিক ম্যাট। তিনি গুরুতর আহত হলেও সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
জেসন তাঁর পোস্টে লেখেন, “এই ঘটনায় আমরা মানসিকভাবে বিধ্বস্ত। তবে আমরা জানি, ধৈর্য ধরে টিকে থাকব এবং শেষ পর্যন্ত এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারব।”
তিনি আরও লেখেন, “টেক্সট মেসেজ, ফোন কল, ইমেইল কিংবা ব্যক্তিগত বার্তার মাধ্যমে আমাদের ও আমাদের পরিবারের প্রতি সমবেদনা ও ভালোবাসা জানিয়েছেন—এমন সবার কাছে আমরা কৃতজ্ঞ। দয়া করে ম্যাট ও তাঁর পরিবারের জন্যও প্রার্থনা করবেন। আমি জানি, তাঁরাও ভীষণ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন।”
এলিট ম্যারাথন দৌড়বিদ
গত সপ্তাহান্তে অনুষ্ঠিত ডেট্রয়েট ফ্রি প্রেস ম্যারাথনে নারীদের এলিট বিভাগে নেতৃত্ব দেওয়ার কথা ছিল গ্রেস নোলানের। এই ম্যারাথনে এটি ছিল তাঁর দ্বিতীয় অংশগ্রহণ।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ডেট্রয়েট ফ্রি প্রেস ম্যারাথন কর্তৃপক্ষ জানায়, “গ্রেস নোলানের মৃত্যুতে ডেট্রয়েট ফ্রি প্রেস ম্যারাথন পরিবার গভীরভাবে শোকাহত। গত সপ্তাহান্তে নারীদের এলিট বিভাগে তাঁর নেতৃত্ব দেওয়ার কথা ছিল। গ্রেস ছিলেন একজন অসাধারণ তরুণী।”
বিবৃতিতে আরও বলা হয়, নোলান ওকল্যান্ড ইউনিভার্সিটির উইলিয়াম বিউমন্ট স্কুল অব মেডিসিনের দ্বিতীয় বর্ষের মেডিকেল শিক্ষার্থী ছিলেন। সেখানে তিনি তাঁর তৃতীয় ডিগ্রি অর্জনের পথে ছিলেন। দৌড়েও ছিল তাঁর উল্লেখযোগ্য সাফল্য। তিনি তিনবার ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় ‘অল-হরাইজন লিগ ফার্স্ট টিম’-এ স্থান পেয়েছিলেন। কলেজজীবনের শেষ মৌসুমে হরাইজন লিগের ১০ হাজার মিটার দৌড়ে চ্যাম্পিয়নশিপের রেকর্ড গড়ে শিরোপা জেতেন। এ ছাড়া, হরাইজন লিগের পক্ষ থেকে তিনি ২০২৫ সালের ‘এনসিএএ ওম্যান অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
ওকল্যান্ড ইউনিভার্সিটির অ্যাথলেটিক ডিরেক্টর স্টিভ ওয়াটারফিল্ড নোলানের মৃত্যুকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।
ওয়াটারফিল্ড বলেন, “হরাইজন লিগের ২০২৪-২৫ মৌসুমের ‘সেসিল এন. কোলম্যান মেডেল অব অনার’ জেতার পর আমি গ্রেসকে অভিনন্দন জানিয়েছিলাম। স্বভাবসুলভ বিনয়ের সঙ্গে সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল। ক্রস কান্ট্রি ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলে কাটানো সময় এবং ওকল্যান্ড ইউনিভার্সিটিতে পাওয়া সুযোগগুলোর জন্য সে কতটা কৃতজ্ঞ, তা-ও জানিয়েছিল।”
ওকল্যান্ড ইউনিভার্সিটির ক্রস কান্ট্রি ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলের প্রধান কোচ পল রাইস গ্রেস নোলানকে ‘অনন্য’ একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন।
মঙ্গলবার, ২০ অক্টোবর রাইস বলেন, “আমাদের ওকল্যান্ড পরিবারে তাকে পেয়ে আমরা ধন্য হয়েছিলাম। সে ছিল অত্যন্ত পরিশ্রমী, প্রতিদিন নিজের লক্ষ্য ও স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যেত। গ্রেস বড় স্বপ্ন দেখত, তবে সেই স্বপ্নে পৌঁছানোর প্রক্রিয়া ও পথের ওপর তার ছিল অগাধ আস্থা। সে ছিল প্রাণবন্ত ও আনন্দময়; তার মুখে সবসময় লেগে থাকত অমলিন হাসি। গ্রেস সবসময় নিজের চেয়ে অন্যদের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিত।”
ডেট্রয়েট ফ্রি প্রেস ম্যারাথনের ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, নোলান বিভিন্ন বিনা মূল্যের কমিউনিটি ক্লিনিকে রক্ত সংগ্রহকারী (ফ্লেবোটোমিস্ট) হিসেবে স্বেচ্ছাসেবামূলক কাজ করতেন। এ ছাড়া, ‘গার্লস অন দ্য রান’ (Girls on the Run) নামের একটি অলাভজনক সংস্থার মাধ্যমে তরুণীদের দৌড় ও শরীরচর্চায় আগ্রহী করে তুলতে ভূমিকা রাখতেন। পোস্টে আরও বলা হয়, “যারা তাকে চিনত, তারা সবাই তার দয়া, কর্মস্পৃহা ও আনন্দময় ব্যক্তিত্বের পরিচয় পেয়েছে।”
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :