আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১২:০৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১২:০৮:০৭ অপরাহ্ন
ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
চালকসংকটে ওয়াটারফোর্ড স্কুল ডিস্ট্রিক্টের কিছু বাস রুট বাতিল হওয়ায় বাস সার্ভিস ইয়ার্ডে দাঁড়িয়ে রয়েছে স্কুলবাস/Scott Olson

ওয়াটারফোর্ড টাউনশিপ, ২৮ অক্টোবর : যোগ্য চালকের অভাবে শিক্ষার্থীদের জন্য কয়েকটি স্কুলবাস রুট পর্যায়ক্রমে বাতিল করছে ওয়াটারফোর্ড স্কুল ডিস্ট্রিক্ট। গত ২৭ অক্টোবর ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
ওকল্যান্ড কাউন্টি সিস্টেমের যোগাযোগ ও কমিউনিটি সম্পর্কবিষয়ক পরিচালক সারাহ ডেভিস জানান, এ সিদ্ধান্তের প্রভাব পড়েছে ডিস্ট্রিক্টের সাধারণ শিক্ষার্থীদের জন্য পরিচালিত ২১টি বাস রুটে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৫টি রুট অপরিবর্তিত রয়েছে।
প্রায় ৭ হাজার শিক্ষার্থীকে সেবা দেয় এই ডিস্ট্রিক্ট। এর আওতায় রয়েছে পুরো ওয়াটারফোর্ড টাউনশিপ এবং ইন্ডিপেন্ডেন্স টাউনশিপ ও ওয়েস্ট ব্লুমফিল্ডের কিছু অংশ।
ডেভিস জানান, বর্তমানে ডিস্ট্রিক্টে প্রায় ৩৪ জন বাসচালক কর্মরত রয়েছেন। তবে বাস চলাচল স্বাভাবিক রাখতে আরও অন্তত ছয়জন চালক প্রয়োজন। চালকসংকটের কারণে প্রতিদিন গড়ে চারটি বাস রুট বাতিল করতে হচ্ছে। ডিস্ট্রিক্টের লক্ষ্য, প্রতিটি শিক্ষার্থী যেন সপ্তাহে অন্তত চার দিন বাসে যাতায়াতের সুবিধা পায়। এ জন্য একটি সাপ্তাহিক সময়সূচি ডিস্ট্রিক্টের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
তিনি আরও জানান, চালক নিয়োগের কার্যক্রম চলছে। যেসব প্রার্থীর কমার্শিয়াল ড্রাইভার্স লাইসেন্স (সিডিএল) নেই, তাঁদের লাইসেন্স অর্জনের প্রয়োজনীয় প্রশিক্ষণ খরচও বহন করবে ডিস্ট্রিক্ট। পাশাপাশি চালকদের বেতন বাড়িয়ে ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ২৪ ডলার ৭৫ সেন্ট করা হয়েছে। তুষারপাতের কারণে স্কুল বন্ধ থাকলে, চালকদের কাজ করতে না হলেও তাঁরা বেতন পাবেন।
ডেভিসের ভাষ্য অনুযায়ী, গত বছরও চালকসংকট দেখা দিয়েছিল। তবে সে সময় কোনো বাস রুট বাতিল না করেই পরিস্থিতি সামাল দিতে পেরেছিল ডিস্ট্রিক্ট।
তিনি বলেন, “গত বছরও আমরা সংকটের আঁচ পেয়েছিলাম, কিন্তু তবুও সব বাস রুট সচল রাখতে সক্ষম হয়েছিলাম।”
ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ অভিভাবকদের অনুরোধ জানিয়েছে, যেসব শিক্ষার্থীর স্কুলে যাতায়াতের বিকল্প ব্যবস্থা নেই, তাঁদের অভিভাবকরা যেন বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানান। এতে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা সম্ভব হতে পারে।
ডেভিস উল্লেখ করেন, যোগ্য বাসচালকের সংকট এখন যুক্তরাষ্ট্রজুড়েই একটি জাতীয় সমস্যা। বিশেষ করে ‘স্প্লিট শিফট’ বা খণ্ডিত কর্মঘণ্টা—যেখানে ভোরে কাজ শুরু হলেও মাঝখানে দীর্ঘ বিরতির পর আবার কাজে ফিরতে হয়—অনেককে এ পেশায় আসতে নিরুৎসাহিত করে।
ওয়াটারফোর্ড স্কুল ডিস্ট্রিক্ট হাইস্কুল পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের বাসসেবা দিয়ে থাকে, যা সব স্কুল ডিস্ট্রিক্টে প্রচলিত নয়। কোনো কোনো ডিস্ট্রিক্ট আবার বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বাস রুট পরিচালনার দায়িত্ব দিয়ে থাকে।
ডেভিস জানান, চালকসংকট মোকাবিলায় অতীতে ওয়াটারফোর্ড ডিস্ট্রিক্টও বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল। তবে বাইরের চালকেরা অনেক সময় নির্দিষ্ট রুট ও শিক্ষার্থীদের সম্পর্কে পর্যাপ্ত ধারণা না রাখায় প্রত্যাশিত সেবা দিতে পারেননি।
ডেভিস বলেন, “এটি একটি স্বল্পমেয়াদি সমাধান। আদর্শ পরিস্থিতি হলো, নিজস্ব কর্মী নিয়োগের মাধ্যমে বাসসেবা পরিচালনা করা।”
তিনি আরও জানান, বাসচালক হিসেবে কাজ করতে আগ্রহীরা ২৪৮-৬৮২-৭২০০ নম্বরে যোগাযোগ করতে পারেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী