কার্ডিফ, ৩১ অক্টোবর: যুক্তরাজ্যের ওয়েলসের নিউপোর্ট শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় গত ৩০ অক্টোবর মেলোনিয়াম সেন্টারে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ৪০টি দল অংশ নেয়।
দুপুর ১২টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় দলগুলো একের পর এক রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়। প্রতিযোগীদের অসাধারণ নৈপুণ্য, ক্ষিপ্রতা ও নিখুঁত শট দর্শকদের মুগ্ধ করে। দিনব্যাপী খেলায় খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী মাবস নূরের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, নিউপোর্টের কাউন্সিলর সাহেদ আদনান, ওয়েলস এন্টারপ্রাইজ অ্যান্ড ডাইভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও ওয়েলস কাউন্সিল ফর ভলান্টারি অ্যাকশনের ন্যাশনাল স্পোর্টস ডাইভার্সিটি ম্যানেজার রাজমা বেগম, কিড কেয়ার ফর ইউর প্রতিষ্ঠাতা রুসনা বেগম, কিডফুডস ও মাস বাজারের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সামসুন নাহার খোলি, এসডব্লিউবির চেয়ারম্যান ও কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড পরিচালক জিতু মিয়া এবং নিউপোর্ট মহিলা সংগঠনের সভানেত্রী আনোয়ারা বেগম, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রকিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মুখতার আহমেদ, সৈয়দ কাহের, শাহজাহান তালুকদার শাওন, এনামুল হোসেন সুয়েব ও আজম সবুজ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টকে উৎসাহিত করেন সায়েম চৌধুরী, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, ফখরুল ইসলাম, রুহুল আমিন, ফয়সল রহমান, সায়দুল ইসলাম, আদিল হুসেইন, কামিল আহমেদ, নাজমুল ইসলাম, মাসুম কামালি, আতিকুল ইসলাম, সাজেল আহমেদ ও বদরুল ইসলাম রিপনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। টুর্নামেন্ট আয়োজনে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের সঙ্গে বিশেষ সহযোগিতা করে সাউথওয়েস্ট অ্যান্ড ওয়েলস ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে (SWBA)।
টুর্নামেন্টের ডিডি (D/D) বিভাগে নিউপোর্ট ও উইল্টশায়ারের সাঈদ ও সুফি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিভাগে ব্রিস্টল ও প্লাইমাউথের নূর ও মুহিত জুটি রানার্সআপ হয়। সেমিফাইনালে অংশ নেয় রিডিং ও ইস্টবোর্নের সামন ও আলী এবং সুইন্ডনের ফরহাদ ও শাহান জুটি।
ইই/ইই* (E/E*) বিভাগে প্লাইমাউথের নাহিদ ও রানা জুটি চ্যাম্পিয়ন হয়। একই শহরের রস ও মনজু জুটি রানার্সআপ হয়। এ বিভাগে সেমিফাইনালে খেলে বোর্নমাউথের খালিদ ও ইমরান এবং প্লাইমাউথের সায়দুল ও নূর জুটি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার সংস্কৃতির মাধ্যমে কমিউনিটির মানুষকে একত্রিত করা এবং পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের কর্মকর্তারা।
অনুষ্ঠানের খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য নিউপোর্টের কলকাতা রেস্টুরেন্টকে বিশেষ ধন্যবাদ জানান আয়োজকরা। পাশাপাশি ক্লাবের ব্যবস্থাপনা কমিটি, সদস্য, স্বেচ্ছাসেবক, খেলোয়াড়, অতিথি ও সহযোগী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট ও মৌলভীবাজার জুনিয়র স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মকিস মনসুরসহ আমন্ত্রিত অতিথিরা কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা টুর্নামেন্টের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করে।
অতিথিরা আরও বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

বদরুল হক মনসুর :