রেডফোর্ড টাউনশিপ, ৪ নভেম্বর : অতিরিক্ত গতির কারণে ৩ নভেম্বর মঙ্গলবার ইন্টারস্টেট ৯৬ (আই-৯৬) মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেডফোর্ড টাউনশিপে টেলিগ্রাফ রোডের কাছে আই-৯৬-এর পূর্বমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার বিকেল ২টা ৪৭ মিনিটের দিকে জরুরি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে ডাকা হয়।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, দ্রুতগতিতে চলা একটি ফোর্ড ফোকাস গাড়ি টেলিগ্রাফ রোডের এক্সিটের কাছে ধীরগতিতে চলা একটি পিকআপ ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে একটি এসইউভির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় ফোর্ড ফোকাস গাড়িটিতে আগুন ধরে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে জরুরি উদ্ধারকর্মীরা ফোর্ড ফোকাসের চালককে গাড়ি থেকে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, পিকআপ ট্রাক ও এসইউভিতে থাকা ব্যক্তিরা সামান্য আহত হন। ঘটনাস্থলেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পেছনে মাদক বা অ্যালকোহলের কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকাজ ও তদন্তের সুবিধার্থে দুর্ঘটনার পর আই-৯৬-এর পূর্বমুখী সব লেন বন্ধ করে দেওয়া হয়। এ সময় মিশিগান স্টেট পুলিশকে সহায়তা করে রেডফোর্ড টাউনশিপ পুলিশ। বিকল্প পথ হিসেবে গাড়িচালকদের বিচ ডেলি রোড দিয়ে মহাসড়ক থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা ১৯ মিনিটের দিকে দুর্ঘটনাস্থল পরিষ্কার করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :