ডেট্রয়েট, ৫ নভেম্বর : মিশিগানের ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
ডেট্রয়েট পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, রাত ১২টা ২০ মিনিটের দিকে ভ্যানকুভার স্ট্রিটের ৫৩০০ ব্লকে গুলির ঘটনা ঘটেছে বলে খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এলাকাটি টায়ারম্যান অ্যাভিনিউ ও ইন্টারস্টেট-৯৬-এর কাছাকাছি।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে তাঁরা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে চিকিৎসাকর্মীরা এসে তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্তকারীরা জানিয়েছেন, কী পরিস্থিতিতে এবং কী কারণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
এ ঘটনায় কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ডেট্রয়েট পুলিশ বিভাগের হোমিসাইড ইউনিটে (হত্যাকাণ্ড তদন্ত শাখা) (৩১৩) ৫৯৬-২২৬০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মেট্রো ডেট্রয়েট এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক গুলিবর্ষণের ঘটনার মধ্যে এটি সর্বশেষ।
গত সপ্তাহে ম্যাডিসন হাইটসের ‘স্পিরিট হ্যালোউইন’ দোকানে গুলিবিদ্ধ হয়ে ডেট্রয়েটের ২১ বছর বয়সী এক যুবক নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওক পার্কের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
একই সপ্তাহে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে লিভারনোইস অ্যাভিনিউ ও বুয়েনা ভিস্তা স্ট্রিট এলাকায় গুলিবিদ্ধ হয়ে আরও এক ব্যক্তি নিহত হন।
এর আগের মাসে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে ওয়েস্ট উইলিস স্ট্রিটের ৭০০ ব্লকে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি আহত হন।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :