খুলনা, ৬ নভেম্বর : প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে খুলনা রেলস্টেশনের দেওয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। একই দেওয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেওয়ালে এ ঘটনা নজরে আসে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেওয়ালে ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গ্রাফিতি আঁকা হয়। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেওয়ালে স্থান পায় দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। তাঁদের মধ্যে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও। তবে শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পান, কে বা কারা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। পাশাপাশি একই দেওয়ালে সাঁটানো হয়েছে কবিবিরোধী কয়েকটি পোস্টার। এর একটি পোস্টারে লেখা রয়েছে, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম পূর্ব বাংলায় বিদেশির ঠাঁই নাই, ভারত বন্দনার ঠাঁই নাই।’ পোস্টারের বক্তব্য ও প্রতিকৃতি বিকৃত করার ধরন থেকে রবীন্দ্রনাথের প্রতি বিরূপ মনোভাবের বিষয়টি সামনে এলেও কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন খুলনার সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের মতে, রাজনৈতিক বা সামাজিক যে উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হোক না কেন, সর্বজনশ্রদ্ধেয় একজন কবির প্রতিকৃতি এভাবে বিকৃত করা অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয়।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় স্থানীয় কোনো নাগরিক বা সংগঠনের পক্ষ থেকে লিখিত কিংবা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :