ওয়ারেন, ৮ নভেম্বর : অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রা, অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির জাগরণের বার্তা নিয়ে আজ উদ্যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি। আজ ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালন, মন্দিরে দেবী কালীর আরাধনা, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হবে আলোর এই উৎসব। এ উপলক্ষে মিশিগান রাজ্যের ডেট্রয়েট, ওয়ারেন, ট্রয়, ক্যান্টন, পন্টিয়াকসহ বিভিন্ন শহরে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই আসে শ্যামাপূজা ও দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় দেবী কালীর আরাধনা। শ্যামা বা কালী দেবীর এই রূপ শক্তি, সাহস ও অশুভের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। পুরাণের বর্ণনায়, অন্যায়-অত্যাচার ও অসুরশক্তির বিনাশ করে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই দেবীর আবির্ভাব। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মধ্য দিয়ে সত্য ও ন্যায়ের বিজয়ের বার্তা বহন করে দেবী কালীর পূজা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসে দেবী শ্যামা শুধু শক্তির প্রতীক নন, তিনি ভক্তের আশ্রয়, নির্ভরতা ও কল্যাণের প্রতীকও। তাঁর আরাধনায় ভক্তরা প্রার্থনা করেন অশুভের বিনাশ, জীবনের সংকট থেকে মুক্তি এবং পরিবার ও সমাজের শান্তি-সমৃদ্ধির জন্য। তাই শ্যামাপূজা কেবল আনুষ্ঠানিক পূজা নয়; এটি শক্তি, সাহস ও শুভবোধ জাগ্রত করার এক ধর্মীয় অনুষঙ্গ।
মিশিগানের হিন্দু সম্প্রদায় আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদ্যাপন করবে। বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে পূজা-অর্চনা, আরতি, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রবাসের কর্মব্যস্ত জীবনের বাইরে এ উৎসবকে ঘিরে পরিবার-পরিজন ও পরিচিতজনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগও তৈরি হয়। নতুন প্রজন্মের কাছে ধর্মীয় ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির পরিচয় তুলে ধরার ক্ষেত্রেও এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে মিশিগান কালী বাড়িতে শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব গতকাল শনিবার শুরু হয়েছে। পূজা, পুষ্পাঞ্জলি, সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আজও ধর্মীয় আনুষ্ঠানিকতা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। অন্যদিকে, ওয়ারেন সিটির রামকৃষ্ণ আশ্রমেও গতকাল নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে।
শ্যামাপূজার পাশাপাশি আজ উদ্যাপিত হচ্ছে দীপাবলি আলোর উৎসব। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে প্রদীপ, মোমবাতি ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে বাড়িঘর। দীপাবলি শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়; শিখ ও জৈন ধর্মাবলম্বীদের কাছেও এ দিনের রয়েছে বিশেষ ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :