আমেরিকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:৪০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:৪০:৩৮ অপরাহ্ন
বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও
ল্যান্সিং, ১১ নভেম্বর : ডেমোক্র্যাটিক দলের নবনির্বাচিত গভর্নর জোসেলিন বেনসনের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতিমূলক দলে (ট্রানজিশন টিম) কয়েকজনকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ‘ডিটিই এনার্জি’র (DTE Energy) পরিচালনা পর্ষদের একজন সদস্য, যিনি মার্কিন সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন করেছিলেন। এ ছাড়া রয়েছেন ‘মিশিগান ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন’-এর একজন শীর্ষ কর্মকর্তা। নির্বাচনী প্রচারণার সময় এই সংস্থাটিরই তীব্র সমালোচনা করেছিলেন বেনসন।
বেনসনের এসব সিদ্ধান্ত নিয়ে তাঁর নিজ দলের কয়েকজন সদস্যও সমালোচনা করেছেন। তাঁদের মতে, এক সপ্তাহেরও কম সময় আগে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা যে বার্তা দিয়েছিলেন, এসব মনোনয়ন তার সঙ্গে সাংঘর্ষিক।
ডেট্রয়েটের ডেমোক্র্যাটিক কর্মী কিথ রজার্সন বলেন, মিশিগানের ভোটাররা দুর্নীতি এবং রাজ্যের প্রভাবশালী ইউটিলিটি কোম্পানিগুলোর (বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান) আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
মিশিগানের রাজনীতিতে বড় ব্যবসাপ্রতিষ্ঠানের নির্বাহীদের প্রভাবের প্রসঙ্গ তুলে রজার্সন বলেন, “আমি একে রাজনৈতিক ভুল হিসাব বলব। তবে এখানে সবকিছু কীভাবে চলে, তা আমি জানি।”
নির্বাচনের পরদিন বর্তমান সেক্রেটারি অব স্টেট জোসেলিন বেনসন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে চার সদস্যের একটি ‘লিডারশিপ কাউন্সিল’ গঠনের ঘোষণা দেন। এই কাউন্সিলে রয়েছেন হান্টিংটন ব্যাংকের চেয়ারম্যান গ্যারি টরগো।
টরগো ডেট্রয়েটভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান ‘ডিটিই এনার্জি’ এবং মিশিগানের বৃহত্তম স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ‘ব্লু ক্রস ব্লু শিল্ড অব মিশিগান’-এর পরিচালনা পর্ষদের সদস্য। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডিটিই এনার্জির পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের জন্য টরগো ৩ লাখ ৩৮ ডলার পারিশ্রমিক পেয়েছেন।
তহবিল সংগ্রহসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩ মার্চ টরগো গভর্নর নির্বাচনে বেনসনের নির্বাচনী প্রচারণায় অনুদানের সর্বোচ্চ অনুমোদিত সীমা অনুযায়ী ৮ হাজার ৩২৫ ডলার অনুদান দিয়েছিলেন।
নির্বাচনী প্রচারণার সময় বেনসন স্বাস্থ্যসেবাকে মিশিগানের নেতৃত্ব নির্বাচনের লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরেছিলেন। একই সঙ্গে তিনি রাজ্যে জ্বালানির খরচ কমানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
বেনসনের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটে বর্তমানে বলা হয়েছে, “ইউটিলিটি কোম্পানিগুলো যখন পরিষেবার মূল্য বাড়ানোর দাবি জানায়, তখন মিশিগানের সাধারণ মানুষ জানতে চান—আকাশচুম্বী বিল পরিশোধের জন্য তাঁরা যে অর্থ ব্যয় করছেন, তা আসলে কোথায় যাচ্ছে? এই অর্থ কি বিদ্যুৎ বিভ্রাট কমাতে এবং জ্বালানি সরবরাহব্যবস্থার আধুনিকায়নে কাজে লাগছে? নাকি তা কেবল বড় বড় করপোরেশন ও তাদের প্রধান নির্বাহীদের (সিইও) মুনাফা বাড়াচ্ছে?”
‘দ্য জেরুজালেম পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ওক পার্কের বাসিন্দা এবং মিশিগানের ইহুদি সম্প্রদায়ের অন্যতম নেতা টরগো চলতি বছরের মার্কিন সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানিয়েছিলেন। ওই নির্বাচনে রজার্সের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাটিক প্রার্থী আব্দুল এল-সায়েদ।
টরগো ‘স্টার্লিং গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা। ডেট্রয়েটভিত্তিক এই রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটি বর্তমানে তাঁর ছেলেরা পরিচালনা করছেন। প্রতিষ্ঠানটি ডেট্রয়েট নদীর তীরে অবস্থিত সাবেক ‘জো লুইস এরিনা’র এলাকায় পুনর্নির্মাণ প্রকল্পের জন্য মিশিগান ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমইডিসি)-এর মাধ্যমে ৩০ বছরের কর অব্যাহতি পেয়েছিল।
বেনসনের ট্রানজিশন টিমের মুখপাত্র অ্যাম্বার ম্যাকক্যান জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যাঁরা সহায়তা করছেন, তাঁদের ক্ষেত্রে যাতে কোনো ধরনের স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়া হয়েছে।
ম্যাকক্যান বলেন, “নির্বাচিত গভর্নর বেনসন তাঁর ট্রানজিশন টিম ও লিডারশিপ কাউন্সিলের সদস্যদের প্রতি কৃতজ্ঞ। মিশিগানের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব ব্যক্তি স্বেচ্ছায় তাঁদের সময় ও অভিজ্ঞতা দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে কার্যকর ও দক্ষ করে তুলতে সহায়তা করেছেন। এর ফলে তাঁর প্রশাসন দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই কাজ শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।”
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হান্টিংটন ব্যাংকের একজন মুখপাত্র অনুরোধটি টরগোর কাছে পাঠিয়ে দেন। তবে ইমেইল ও ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও টরগো তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।
গার্ডেন সিটির ডেমোক্র্যাটিক দলের স্টেট রিপ্রেজেন্টেটিভ ডিলান ওয়েগেলা ট্রানজিশন টিমে টরগোর অন্তর্ভুক্তিকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন।
ওয়েগেলা বলেন, “ট্রানজিশন টিমে সংগঠিত শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব দেখে আমি আনন্দিত। তবে এই দলে টরগোর কোনো প্রয়োজন ছিল না। মিশিগানের মানুষ চায়, আমরা বড় বড় করপোরেশন এবং ডিটিইর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিই। এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কোনো প্রভাবশালী পদে বসানো হোক, তা তারা চায় না।”
বেনসনের ট্রানজিশন প্রক্রিয়ার লিডারশিপ কাউন্সিলের অন্য চেয়ারপারসনরা হলেন সাবেক ডেমোক্র্যাটিক মার্কিন প্রতিনিধি ড্যান কিলডি, স্ট্র্যাটেজিক স্টাফিং সলিউশনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিন্ডি পাস্কি এবং ওয়েইন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্দি।
কাউন্সিলে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ইউনাইটেড অটো ওয়ার্কার্সের (ইউএডব্লিউ) আন্তর্জাতিক নির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট লরা ডিকারসন এবং মিশিগান এডুকেশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রা মাডাফেরি। মিশিগান এডুকেশন অ্যাসোসিয়েশন রাজ্যের বৃহত্তম শিক্ষক ইউনিয়ন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে কনস্যুলেট সেবা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে কনস্যুলেট সেবা