ডেট্রয়েট, ১১ নভেম্বর : আজ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে ‘ভেটেরানস ডে’ (Veterans Day) বা প্রাক্তন সেনাসদস্য দিবস। সামরিক বাহিনীতে দায়িত্ব পালনকারী জীবিত ও প্রয়াত সদস্যদের অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর দিনটি পালন করা হয়। বিশেষ করে মিশিগানসহ পুরো যুক্তরাষ্ট্রে নানা আয়োজনে সাবেক সেনাসদস্যদের সম্মান জানানো হয়।
যুক্তরাষ্ট্রের অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের (OPM) তালিকা অনুযায়ী, ভেটেরানস ডে একটি ফেডারেল সরকারি ছুটির দিন। এ উপলক্ষে জরুরি নয় এমন অধিকাংশ ফেডারেল সরকারি দপ্তর বন্ধ থাকে। ফেডারেল কর্মীরাও আইন অনুযায়ী সবেতন ছুটি পান।
১৯১৯ সালে ‘আর্মিস্টিস ডে’ (Armistice Day) নামে এই দিবসের সূচনা হয়। প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি ১৯১৮ সালের ১১ নভেম্বর বেলা ১১টায় কার্যকর হওয়ার স্মরণে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থাৎ, তখনকার হিসাবে বছরের ১১তম মাসের ১১তম দিনের ১১তম ঘণ্টায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
পরবর্তীতে ১৯৫৪ সালে দিবসটির নাম পরিবর্তন করে ‘ভেটেরানস ডে’ রাখা হয়। এর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব সামরিক বাহিনীর সাবেক সদস্যদের সম্মান জানানোর বিষয়টি অন্তর্ভুক্ত হয়।
ভেটেরানস ডেতে মিশিগানে যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকে:
- অধিকাংশ ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারি দপ্তর।
- যুক্তরাষ্ট্রের পোস্ট অফিসসমূহ।
- ফেডারেল রিজার্ভ ও অনেক বড় ব্যাংকের শাখা।
তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ছুটি বাধ্যতামূলক নয়। অনেক প্রতিষ্ঠান এদিন সাবেক সেনাসদস্যদের বিনামূল্যে পণ্য বা সেবা প্রদান করে কিংবা বিশেষ ছাড় দেয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :