ডেট্রয়েট, ১৪ নভেম্বর : সোশ্যাল সিকিউরিটি বোর্ড অব ট্রাস্টিজের তথ্য অনুযায়ী, ২০৩২ সালের শেষ নাগাদ সোশ্যাল সিকিউরিটির অবসরকালীন ট্রাস্ট ফান্ড নিঃশেষ হয়ে যেতে পারে। কংগ্রেস এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নিলে, তখন সংগৃহীত রাজস্ব দিয়ে নির্ধারিত অবসরকালীন ও সারভাইভার (পরিবার বা নির্ভরশীলদের জন্য) সুবিধার মাত্র ৭৮ শতাংশ পরিশোধ করা সম্ভব হবে।
এর অর্থ এই নয় যে, সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে সুবিধাভোগীদের মাসিক প্রাপ্ত অর্থ উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে।
এ পরিস্থিতিতে মিশিগানে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ‘কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট’-এর এক বিশ্লেষণ অনুযায়ী, অবসরকালীন ও সারভাইভার সুবিধা ২৪ শতাংশ কমানো হলে মিশিগানের একজন গড় সুবিধাভোগীর মাসিক প্রাপ্তি ৫২৩ ডলার কমে যেতে পারে। একই সঙ্গে পুরো অঙ্গরাজ্যে বছরে মোট সুবিধা বিতরণের পরিমাণ প্রায় ১২ দশমিক ১ বিলিয়ন ডলার হ্রাস পেতে পারে।
তবে সুবিধা কমানোর বিষয়টি এখনো চূড়ান্ত নয়। ভবিষ্যতে ট্রাস্ট ফান্ডের ঘাটতি কতটা হবে এবং তা মোকাবিলায় কংগ্রেস কী পদক্ষেপ নেবে, তার ওপরই নির্ভর করছে সুবিধাভোগীদের প্রকৃত আর্থিক প্রাপ্তি। ফলে সম্ভাব্য এই হ্রাসের পরিমাণও এখনো অনিশ্চিত।
জাতীয় গড়ের চেয়ে মিশিগানে
সুবিধাভোগীর হার বেশি
সংস্থাটির ‘নো স্টেট স্পেয়ার্ড’ (No State Spared) শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের পরিস্থিতিতে মিশিগানের প্রতি পাঁচজন বাসিন্দার মধ্যে প্রায় একজন ক্ষতিগ্রস্ত হতে পারেন। সম্ভাব্য গড় মাসিক সুবিধা হ্রাসের পরিমাণ বিবেচনায় জাতীয় পর্যায়ে মিশিগানের অবস্থান নবম। অন্যদিকে, রাজ্যের অর্থনীতির অনুপাতে সুবিধা হারানোর পরিমাণের দিক থেকে মিশিগানের অবস্থান ষষ্ঠ।
‘দ্য কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট’ (The Committee for a Responsible Federal Budget) ২০২৪ সালের সুবিধাভোগীদের তথ্যের ভিত্তিতে এবং সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৪ শতাংশ কমে যাওয়ার একটি সম্ভাব্য পরিস্থিতি ধরে এই প্রাক্কলন তৈরি করেছে। সংস্থাটি সতর্ক করেছে, সুবিধার পরিমাণ, জনসংখ্যাগত কাঠামো এবং অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর প্রকৃত প্রভাবও ভিন্ন হতে পারে।
অন্যদিকে, ২০২৬ সালে প্রকাশিত ‘সোশ্যাল সিকিউরিটি বোর্ড অব ট্রাস্টিজ’-এর প্রতিবেদনে তুলনামূলক কম ঘাটতির পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অবসরকালীন ও সারভাইভার সুবিধা প্রদানকারী ‘ওল্ড-এজ অ্যান্ড সারভাইভারস ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড’ (Old-Age and Survivors Insurance Trust Fund) ২০৩২ সালের চতুর্থ প্রান্তিক পর্যন্ত নির্ধারিত পূর্ণ সুবিধা দিতে সক্ষম হবে। এরপর তহবিলের সঞ্চিত অর্থ নিঃশেষ হয়ে গেলে নিয়মিত রাজস্ব থেকে নির্ধারিত সুবিধার প্রায় ৭৮ শতাংশ পরিশোধ করা সম্ভব হবে। অর্থাৎ, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে অবসরকালীন ও সারভাইভার সুবিধায় প্রায় ২২ শতাংশ ঘাটতি দেখা দিতে পারে।
মিশিগানে ঝুঁকির মাত্রা তুলনামূলকভাবে বেশি। কারণ, জাতীয় গড়ের তুলনায় অঙ্গরাজ্যটির জনসংখ্যার একটি বড় অংশ সোশ্যাল সিকিউরিটি সুবিধার ওপর নির্ভরশীল।
‘সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মিশিগানের ২৩ লাখ ৮০ হাজার বাসিন্দা কোনো না কোনো ধরনের সোশ্যাল সিকিউরিটি সুবিধা পেয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১৭ লাখ ৯০ হাজার জন অবসরপ্রাপ্ত কর্মী। অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৩ দশমিক ৫ শতাংশ এই সুবিধার আওতাভুক্ত, যেখানে জাতীয় পর্যায়ে এ হার ২০ দশমিক ১ শতাংশ। মিশিগানে ৬৫ বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের মধ্যে প্রায় ৯১ শতাংশ সোশ্যাল সিকিউরিটি সুবিধা গ্রহণ করছেন।
তবে এই পরিসংখ্যানে অবসরপ্রাপ্তদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন। ফলে ‘দ্য কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট’-এর প্রাক্কলনে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করা ২০ লাখ মানুষের তুলনায় এখানে সুবিধাভোগীর সংখ্যা বেশি। কারণ, ওই ২০ লাখ মানুষের হিসাব মূলত অবসরকালীন ট্রাস্ট ফান্ড নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাব্য প্রভাবের ভিত্তিতে করা হয়েছে।
অন্যদিকে, ট্রাস্টি বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, পৃথক ‘ডিসঅ্যাবিলিটি ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড’ (Disability Insurance Trust Fund) থেকে অন্তত ২১০০ সাল পর্যন্ত নির্ধারিত পূর্ণ সুবিধা প্রদান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ফলে সম্ভাব্য তহবিল সংকটের প্রভাব মূলত অবসরকালীন ও সারভাইভার সুবিধাভোগীদের ওপরই পড়ার আশঙ্কা রয়েছে।
২০৩২ সালের আগেই ঘাটতি
মোকাবিলায় পদক্ষেপের তাগিদ
অবসরকালীন ট্রাস্ট ফান্ড নিঃশেষ হয়ে যাওয়ার অর্থ এই নয় যে, সোশ্যাল সিকিউরিটির অর্থ পুরোপুরি ফুরিয়ে যাবে। বেতন থেকে কর্তন করা কর (Payroll Taxes) এবং অন্যান্য উৎস থেকে এ কর্মসূচিতে অর্থের প্রবাহ অব্যাহত থাকবে। তবে সংগৃহীত অর্থ দিয়ে নির্ধারিত অবসরকালীন ও সারভাইভার সুবিধার পুরোটা পরিশোধ করা সম্ভব হবে না।
এই সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় কংগ্রেস ২০৩২ সালের আগেই সোশ্যাল সিকিউটির আয় বাড়ানো, সুবিধার কাঠামোয় পরিবর্তন আনা অথবা উভয় পদক্ষেপের সমন্বয়ে সমাধান খুঁজতে পারে। ট্রাস্টি বোর্ড আইনপ্রণেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বোর্ডের মতে, আগেভাগে ব্যবস্থা নেওয়া হলে প্রয়োজনীয় পরিবর্তনগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে কর্মী ও সুবিধাভোগীরা নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন।
মিশিগানের ক্ষেত্রে ‘কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট’-এর বিশ্লেষণ সম্ভাব্য সংকটের একটি চিত্র তুলে ধরেছে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, কোনো কার্যকর সমাধান না হলে অঙ্গরাজ্যের প্রতি পাঁচজন বাসিন্দার মধ্যে প্রায় একজন ক্ষতিগ্রস্ত হতে পারেন। এমন পরিস্থিতিতে একজন গড় সুবিধাভোগীর মাসিক প্রাপ্তি কয়েকশ ডলার পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :