মিশিগানের বে কাউন্টির মনিটর টাউনশিপে ইউ.এস. ১০ (U.S. 10) সড়ক পার হওয়ার সময় দুই গাড়িচালকের ধাক্কায় এই কালো ভাল্লুকটি মারা যায়. Monitor Township Fire Department/Derron Suchodolski.
মনিটর টাউনশিপ, ১৭ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বে কাউন্টিতে দুটি গাড়ির ধাক্কায় একটি কালো ভালুকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গাড়ির এক যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মনিটর টাউনশিপের ম্যাকিনো রোড ওভারপাসের ঠিক পূর্বে ইউএস-১০ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
মনিটর টাউনশিপ ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন ডেরন সুচোডোলস্কি জানান, ঘটনাস্থলে গিয়ে তাঁরা প্রায় ১২৫ পাউন্ড ওজনের একটি কালো ভালুককে মৃত অবস্থায় দেখতে পান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ইউএস-১০ মহাসড়ক দিয়ে পশ্চিম দিকে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করা ভালুকটিকে একটি জিপ ও একটি টয়োটা গাড়ি ধাক্কা দেয়। এ সময় গাড়ি দুটির মধ্যেও সংঘর্ষ ঘটে।
সুচোডোলস্কি জানান, টয়োটা গাড়িতে থাকা এক যাত্রী সামান্য আহত হন। তাঁকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মিশিগান ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেসের (ডিএনআর) একজন কর্মী ঘটনাস্থলে পৌঁছে ভালুকটির মরদেহ উদ্ধার করে নিয়ে যান।
সুচোডোলস্কি বলেন, “কৃষকেরা তাঁদের ভুট্টার ক্ষেতের আশপাশে ভালুক দেখেছেন বলে শুনেছি। তবে এ এলাকায় এমন ঘটনা খুবই বিরল। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন সবাই বেশ অবাক হয়ে গিয়েছিল।”
ডিএনআর-এর ২০২৬ সালের প্রাক্কলন অনুযায়ী, মিশিগানে কালো ভালুকের সংখ্যা প্রায় ১২ হাজার ৪৫০টি। এর মধ্যে ৮০ শতাংশেরও বেশি বাস করে আপার পেনিনসুলায়। অন্যদিকে, লোয়ার পেনিনসুলায় থাকা অধিকাংশ ভালুকের আবাস উত্তরাঞ্চলীয় কাউন্টিগুলোতে।
মিশিগান ডিএনআরের তথ্য অনুযায়ী, পূর্ণবয়স্ক স্ত্রী কালো ভালুকের ওজন সাধারণত ১০০ থেকে ২৫০ পাউন্ড হয়ে থাকে। অন্যদিকে, পুরুষ ভালুকের ওজন ৪০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। চার পায়ে দাঁড়ালে এদের উচ্চতা প্রায় ৩ ফুট এবং দুই পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালে প্রায় ৫ ফুট পর্যন্ত হয়।
ডিএনআরের তথ্য অনুযায়ী, শরৎকালে কালো ভালুক প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে। শীতকালে শীতনিদ্রায় যাওয়ার আগে শরীরে চর্বি জমাতে তারা বেরি, বাদামসহ বিভিন্ন ক্যালরিসমৃদ্ধ খাবারের সন্ধান করে। এ সময় বিশেষ করে ভোরবেলা ও গোধূলিতে খাবারের সন্ধানে তাদের ঘুরে বেড়াতে দেখা যায়।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :