আমেরিকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০২:২৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০২:২৯:০৬ পূর্বাহ্ন
মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই
ইস্ট ল্যান্সিং, ১৮ নভেম্বর : সাইবার নিরাপত্তাসংক্রান্ত একটি ঘটনার তদন্তে স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে মিশিগান স্টেট ইউনিভার্সিটি (এমএসইউ)। গত ৩ নভেম্বর ঘটে যাওয়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কর্মীদের ব্যক্তিগত তথ্য অননুমোদিতভাবে ব্যবহারের আশঙ্কা দেখা দিয়েছে। তদন্তে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও।
১৬ নভেম্বর প্রকাশিত এক হালনাগাদ বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমান ও সাবেক কিছু শিক্ষার্থী এবং কর্মীর ব্যক্তিগত তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে।
তবে ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে দেওয়া বক্তব্যে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছিল, ক্যাম্পাসের কারও ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। সর্বশেষ বিবৃতিতে অননুমোদিত প্রবেশের সম্ভাবনার বিষয়টি আরও সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে।
সাইবার নিরাপত্তা হুমকির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমএসইউ কর্মকর্তারা জানিয়েছেন, যাঁদের বাড়তি সতর্কতা বা কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে, তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এ ঘটনার সঙ্গে নির্বাচন কিংবা গত ১২ নভেম্বর বিশ্বজুড়ে মাইক্রোসফট ৩৬৫ (Microsoft 365) পরিষেবায় দেখা দেওয়া বিভ্রাটের কোনো সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হালনাগাদ বিবৃতিতে জানিয়েছে, সাইবার নিরাপত্তাসংক্রান্ত তদন্ত অত্যন্ত জটিল। এ ধরনের তদন্তে সতর্কতা, গোপনীয়তা বজায় রাখা এবং সুশৃঙ্খল পদ্ধতি অনুসরণ করা জরুরি। যাচাই না করা তথ্য কিংবা তদন্তের কৌশলগত বিষয় প্রকাশ করা হলে তদন্ত কার্যক্রম বা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, তথ্য যাচাই শেষে দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশের উপযোগী হলে এ বিষয়ে বিস্তারিত জানাবে এমএসইউ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ক্যাম্পাসের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তবে সবাইকে সাইবার নিরাপত্তার প্রচলিত সতর্কতামূলক নিয়মগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—ফিশিং বা প্রতারণামূলক বার্তা সম্পর্কে সতর্ক থাকা, শুধু এমএসইউ অনুমোদিত লগইন তথ্য ব্যবহার করা এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন (দ্বিস্তরীয় পরিচয় যাচাই) চালু রাখা।
কর্মকর্তারা বলেন, এমএসইউ কমিউনিটির সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সাইবার নিরাপত্তার নিয়মগুলো অনুসরণের আহ্বান জানানো হচ্ছে। সাইবার নিরাপত্তা সবার সম্মিলিত দায়িত্ব। প্রত্যেকের ছোট ছোট সতর্কতামূলক পদক্ষেপ বিশ্ববিদ্যালয় এবং একে অপরের তথ্য সুরক্ষায় সহায়তা করতে পারে।
কোনো ব্যক্তির মনে হলে তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা অননুমোদিতভাবে অন্য কেউ ব্যবহার করছে, তাহলে তিনি এমএসইউ আইটি সার্ভিস ডেস্কে (MSU IT Service Desk) (517) 432-6200 নম্বরে যোগাযোগ করতে পারেন।
উল্লেখ্য, গত ২ অক্টোবর ‘সন্দেহজনক সাইবার কার্যক্রম’ শনাক্ত হওয়ার পর এমএসইউর সব শিক্ষার্থী ও কর্মীকে বিশ্ববিদ্যালয়ের পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল।
সাইবার নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ তথ্য ও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট secureit.msu.edu-এ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক 

আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক