আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ

ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০২:০৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০২:০৮:২১ পূর্বাহ্ন
ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ
হ্যাসলেটের বাসিন্দা জেমস ও চেংজিয়া স্নেলসন দম্পতির বিরুদ্ধে ম্যাসাজ পার্লারে কর্মরত যৌনকর্মীদের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং সেই অর্থ বিদেশে পাচারে সহায়তার অভিযোগ আনা হয়েছে। সরকারি কৌঁসুলিরা তাঁদের প্রায় ৩ হাজার বর্গফুটের বাড়িটি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছেন। বাড়িটির আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৪ হাজার ২০০ ডলার/Ingham County

ল্যান্সিং/ফ্লিন্ট, ১৯ নভেম্বর : পশ্চিম মিশিগানে চলতি মাসে কয়েক লাখ ডলার জব্দ করেছেন এফবিআই এজেন্টরা। ‘দ্য ডেট্রয়েট নিউজ’-এর তথ্য অনুযায়ী, একাধিক অঙ্গরাজ্যজুড়ে বিস্তৃত কথিত অপরাধচক্রের বিরুদ্ধে পরিচালিত বিরল এক ফেডারেল ‘ওয়্যারট্যাপ’ বা গোপন আড়িপাতার তদন্তের অংশ হিসেবে এ অর্থ জব্দ করা হয়। তদন্তে এশীয় ম্যাসাজ পার্লার, অবৈধ যৌন কার্যক্রম এবং ম্যাসাজকর্মীদের মাধ্যমে গোপনে বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠে এসেছে।
দেশজুড়ে অর্থ পাচারের ঘটনা বাড়তে থাকার প্রেক্ষাপটে বড় ধরনের আর্থিক অপরাধ তদন্তের অংশ হিসেবে গত ১০ নভেম্বর এফবিআই এজেন্টরা অন্তত ১০টি ম্যাসাজ পার্লার ও বাড়িতে অভিযান চালান। ‘দ্য ডেট্রয়েট নিউজ’-এর হাতে আসা আদালতের নথি ও নজরদারির ছবি থেকে জানা যায়, তদন্তে বিপুল পরিমাণ নগদ অর্থ, গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত গোপন সরঞ্জাম, ১০ লাখ ডলার মূল্যের একটি বাড়ি এবং ইস্ট ল্যান্সিংয়ের আশপাশের একাধিক সন্দেহভাজন ব্যক্তির তথ্য উঠে এসেছে।
এফবিআইয়ের ৮৬ পৃষ্ঠার তল্লাশি পরোয়ানার হলফনামা ও অভিযোগপত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলা এ তদন্তের পরিধি মিশিগান, ইন্ডিয়ানা, ওহাইও ও ইলিনয়—চারটি অঙ্গরাজ্যে বিস্তৃত। আদালতের নথিতে মিশিগান থেকে চীনে অর্থ পাচারের একটি কথিত অপরাধচক্রের বিবরণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি লেক মিশিগানের তীরবর্তী এলাকা থেকে ল্যান্সিং হয়ে ফ্লিন্ট পর্যন্ত বিস্তৃত ম্যাসাজ পার্লারের একটি বড় নেটওয়ার্কের কথাও উল্লেখ করা হয়েছে।
ফেডারেল প্রসিকিউটররা চলতি সপ্তাহে জানিয়েছেন, আদালতের অনুমতি নিয়ে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তত একটি ফোনে আড়ি পাতার সুযোগ পেয়েছিলেন তদন্তকারীরা। এ তদন্তে হ্যাস্লেটের এক দম্পতির নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে ম্যাসাজকর্মীদের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। এ ছাড়া উইলিয়ামস্টন টাউনশিপের আরেক দম্পতির বিরুদ্ধেও তদন্ত চলছে, যারা মিশিগানজুড়ে বেশ কয়েকটি ম্যাসাজ পার্লারের মালিক।
হ্যাস্লেটের ওই দম্পতি জেমস স্নেলসন ও চেংজিয়া স্নেলসনের বিরুদ্ধে অভিযোগ, তারা এমন কর্মীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন, যারা ম্যাসাজ দেওয়ার পাশাপাশি অবৈধ যৌন পরিষেবাও দিতেন। এসব পরিষেবার মধ্যে ওরাল সেক্সের জন্য ১৫০ ডলার এবং যৌনমিলনের জন্য ৩০০ ডলার নেওয়ার বিষয়ও রয়েছে। গ্র্যান্ড র‍্যাপিডসের ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ আনা হয়েছে।
২০২৪ সালের নভেম্বরে তদন্তের সূত্রপাত হয়। ওই সময় গ্র্যান্ড র‍্যাপিডসের কেন্দ্রস্থল থেকে প্রায় পাঁচ মাইল উত্তরে অবস্থিত ‘এশিয়া স্পা ম্যাসাজ’-এর এক গ্রাহক কেন্ট কাউন্টি শেরিফ অফিসে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, ৫০ ডলারের বিনিময়ে ম্যাসাজ নেওয়ার সময় তাঁকে অনুপযুক্তভাবে স্পর্শ করা হয়েছিল।
একটি তল্লাশি পরোয়ানার হলফনামায় এফবিআইয়ের এক বিশেষ এজেন্ট লিখেছেন, “ম্যাসাজ শুরুর প্রায় ২০ মিনিট পর কর্মীটি ওই ব্যক্তির অন্তর্বাস খুলে তাঁকে উপুড় হয়ে শুতে বলেন। এরপর বুক, হাত ও পায়ে ম্যাসাজ করার সময় এক হাত দিয়ে জোরপূর্বক তাঁর যৌনাঙ্গ চেপে ধরে কর্মীটি জানতে চান, ‘কেমন লাগছে?’”
আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালে কয়েক সপ্তাহের মধ্যেই তদন্তকারীরা অন্তত একটি ফোনে আড়িপাতার জন্য আদালতের অনুমতি পান।
গত বছর মিশিগানের পশ্চিমাঞ্চলে মাত্র চারটি ফেডারেল ফোনে আড়িপাতার অনুমতি দেওয়া হয়েছিল। গত পাঁচ বছরে এ অঞ্চলের ফেডারেল বিচারকরা মোট ১১টি তদন্তে এ ধরনের অনুমতি দিয়েছেন। এর মধ্যে মাসকেগন হাইটসে মাদক ও সরকারি দুর্নীতিসংক্রান্ত একটি তদন্তও রয়েছে। তুলনামূলকভাবে, ডেট্রয়েটসহ মিশিগানের পূর্বাঞ্চলে একই সময়ে ৭৭টি ক্ষেত্রে ফোনে আড়িপাতার অনুমতি দেওয়া হয়েছিল।
আদালতে দাখিল করা নথি অনুযায়ী, ফোনে আড়িপাতার তথ্য তদন্তের প্রমাণের একটি অংশ মাত্র। তদন্তকারীদের হাতে রয়েছে ব্যাংক স্টেটমেন্ট ও রসিদ, উইচ্যাটের বার্তা, অন্তত ছয়টি ফোন থেকে সংগ্রহ করা তথ্য, গাড়িতে গোপনে স্থাপন করা ট্র্যাকিং ডিভাইসের তথ্য, মুঠোফোনের অবস্থানসংক্রান্ত তথ্য এবং কম্পিউটার থেকে উদ্ধার করা ফরেনসিক উপাত্ত।
তদন্তকারীরা স্নেলসন দম্পতির বাড়ি ও সেফটি ডিপোজিট বক্স থেকে কয়েক লাখ ডলার নগদ অর্থ, হাজার হাজার ডলারের মানি অর্ডার, বিপুলসংখ্যক মুঠোফোন এবং ৪৮ টেরাবাইটের নজরদারি ফুটেজ জব্দ করেছেন। এ ছাড়া বিভিন্ন ম্যাসাজ পার্লার থেকে কনডমসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এসব আলামতের মধ্যে সন্দেহজনক জৈবিক উপাদান থাকতে পারে—এমন কিছু বস্তু রয়েছে।
ফোনে আড়িপাতার এ তদন্ত এমন এক সময়ে চলছে, যখন অর্থ পাচারসহ বিভিন্ন আর্থিক অপরাধে ফেডারেল আদালতে দণ্ডিতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইউএস সেন্টেন্সিং কমিশনের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রে ফেডারেল অর্থ পাচারের মামলার সংখ্যা ৪১ শতাংশ বেড়েছে। একই সময়ে মিশিগানের অন্তত ৯০ জনকে এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত করে ফেডারেল কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের গড় সাজা পাঁচ বছরের বেশি।
গত ১০ নভেম্বর স্নেলসন দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পতিতাবৃত্তি থেকে অর্জিত অর্থ বিতরণের বিনিময়ে অর্থ গ্রহণের ষড়যন্ত্র এবং লাইসেন্সবিহীন অর্থ স্থানান্তর ব্যবসা পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগগুলোতে দোষী সাব্যস্ত হলে প্রতিটির জন্য তাঁদের সর্বোচ্চ পাঁচ বছর করে ফেডারেল কারাদণ্ড হতে পারে। ২৫ হাজার ডলারের জামানতবিহীন বন্ডে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
মন্তব্য জানতে তাঁদের আইনজীবীদের কাছে বার্তা পাঠানো হলেও তাঁরা কোনো জবাব দেননি।

মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত, 
লাইসেন্স ছাড়াই অর্থ লেনদেনের দাবি
এফবিআইয়ের সার্চ ওয়ারেন্টের হলফনামা অনুযায়ী, তদন্তকারীরা মানি লন্ডারিংয়ের বিষয়টি খতিয়ে দেখছেন। এটি একটি ফেডারেল অপরাধ। এর আওতায় অবৈধ কর্মকাণ্ড থেকে অর্জিত অর্থ এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে স্থানান্তর এবং লাইসেন্স ছাড়া অর্থ স্থানান্তরের ব্যবসা পরিচালনা নিষিদ্ধ।
এফবিআইয়ের তথ্য অনুযায়ী, আদালতের নথিতে অভিযোগ করা হয়েছে, কমস্টক পার্কের ম্যাসাজ পার্লারটি এমন কয়েকটি প্রতিষ্ঠানের একটি, যেখানে গ্রাহকদের অবৈধ বাণিজ্যিক যৌনসেবা দেওয়া হতো। এসব পার্লারের মালিক উইলিয়ামস্টন টাউনশিপের এক দম্পতি। তবে এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি।
২০২৪ সালের নভেম্বরে এক গ্রাহকের অভিযোগের পর তদন্তকারীরা ম্যাসাজ পার্লারগুলোর ওপর নজরদারি শুরু করেন। পাশাপাশি তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোনের অবস্থানও অনুসরণ করতে থাকেন।
এফবিআইয়ের এক এজেন্ট হলফনামায় লিখেছেন, “অডিও ও ভিডিও নজরদারি এবং সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে তদন্তকারীরা দেখেছেন, চেংজিয়া স্নেলসন মিশিগানের বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহের কাজে জড়িত ছিলেন।”
এফবিআইয়ের ভাষ্য অনুযায়ী, মিশিগান কিংবা ফেডারেল—কোনো আইনেই অর্থ স্থানান্তর ব্যবসা পরিচালনার জন্য চেংজিয়া স্নেলসন বা তাঁর স্বামীর কোনো লাইসেন্স নেই।

চার রাজ্যে ৯০টির 
বেশি ম্যাসাজ পার্লারে 
স্নেলসনের যাতায়াত
গোয়েন্দা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ থেকে তদন্তকারীরা লক্ষ্য করেন, চেংজিয়া স্নেলসন মিশিগান, ওহাইও, ইন্ডিয়ানা ও ইলিনয়—এই চার অঙ্গরাজ্যের ৯০টিরও বেশি ম্যাসাজ পার্লারে যাতায়াত করেছেন।
এফবিআইয়ের অভিযোগ অনুযায়ী, ওই বছরের জানুয়ারিতে ওহাইওর কলম্বাসে অবস্থিত ‘হোয়াইট রোজ এশিয়ান স্পা’-এর কাছে থামেন চেংজিয়া স্নেলসন। সেখানে স্থাপন করা একটি গোপন ক্যামেরায় তাঁকে এক অজ্ঞাত নারীর কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করতে দেখা যায়।
তদন্ত জোরদার হয় ফেব্রুয়ারিতে। ওই সময় এফবিআই এজেন্টরা অ্যান আরবারের একটি ম্যাসাজ পার্লারে অভিযানে সহায়তা করেন। পার্লারটির মালিক এক নারী, যিনি একই ধরনের আরও তিনটি ব্যবসা পরিচালনা করেন। সেখানে কর্মরত এক নারী তদন্তকারীদের জানান, তিনি ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে আসেন এবং গ্রাহকদের যৌনসেবা দিতেন। এর বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে আধা ঘণ্টার জন্য ৫০ ডলার এবং এক ঘণ্টার জন্য ৭০ ডলার নেওয়া হতো।
এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ওই কর্মী জানতেন যে তাঁকে অর্থের বিনিময়ে যৌনসেবা দিতে হবে। ম্যাসাজের পরিবর্তে তিনি কেবল যৌনসেবা দিয়েই আয় করতেন। এফবিআইয়ের ভাষ্য অনুযায়ী, গ্রাহকদের দেওয়া অর্থের ৪০ শতাংশ পার্লারের মালিক নিজের কাছে রাখতেন।
প্রতি সপ্তাহের শেষে কর্মীদের পারিশ্রমিক দেওয়া হতো। এ সময় মালিকের পাওনা জরিমানা ও অন্যান্য খরচও তাঁদের আয় থেকে সমন্বয় করা হতো। এক সাক্ষী তদন্তকারীদের জানান, এরপর ‘মানি লন্ডারার’ বা অর্থ পাচারকারীরা ওই নারীর উপার্জিত অর্থ সংগ্রহ করত এবং অবশিষ্ট অর্থ তাঁর পরিবারের কাছে—বিশেষ করে চীনে থাকা বাবা-মা ও সন্তানদের কাছে—পৌঁছে দেওয়ার ব্যবস্থা করত।
ওই সাক্ষীর ভাষ্য অনুযায়ী, তাঁকে একজন ‘মানি লন্ডারার’-এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে হয়েছিল। কারণ, তাঁরা অপরিচিত কারও সঙ্গে কাজ করতেন না। সাক্ষী আরও জানান, এসব অর্থ পাচারকারী জানত যে ম্যাসাজ পার্লারের কর্মীরা যৌনসেবার মাধ্যমে ওই অর্থ উপার্জন করেছেন।
মামলার নথিতে বলা হয়েছে, অ্যান আরবারের ওই পার্লারে নজরদারি চালিয়ে তদন্তকারীরা দেখেছেন, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে চেংজিয়া স্নেলসন প্রায় প্রতি মাসে একবার সেখানে যাতায়াত করেছেন।
তদন্তকারী কর্মকর্তা হলফনামায় লিখেছেন, “আমার ধারণা, চেংজিয়া স্নেলসনই সেই ‘মানি লন্ডারার’, যার সঙ্গে ওই সাক্ষীর দেখা হতো।” তাঁর ভাষ্য অনুযায়ী, চেংজিয়া ডেট্রয়েটসহ মিশিগানের অন্যান্য স্থান থেকেও একইভাবে অর্থ সংগ্রহ করতেন।

গোপন ট্র্যাকিংয়ে ম্যাসাজ
 পার্লারে স্নেলসনের
যাতায়াতের তথ্য
এফবিআইয়ের এক এজেন্ট হলফনামায় লিখেছেন, তদন্তকারীরা তিনটি গাড়িতে গোপন ট্র্যাকিং ডিভাইস বসিয়ে জানতে পারেন, চেংজিয়া স্নেলসন নিয়মিত উইলিয়ামস্টন টাউনশিপের এক দম্পতির মালিকানাধীন ম্যাসাজ পার্লারগুলোতে যাতায়াত করতেন।
হলফনামা অনুযায়ী, ২০২৫ সালের জুনে ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে দেখা যায়, স্নেলসনের গাড়িটি ল্যান্সিংয়ের পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে অবস্থিত ‘এশিয়ান ম্যাসাজ’ নামের একটি প্রতিষ্ঠানের সামনে গিয়ে থামে। এ সময় এক নারীকে গাড়িটিতে উঠতে দেখা যায়। গাড়ির ভেতরে থাকা কারও সঙ্গে তিনি নগদ টাকার একটি বান্ডিল আদান-প্রদান করেন। এরপর তিনি আবার ম্যাসাজ পার্লারে ফিরে যান।
তদন্তের চূড়ান্ত পর্যায়ে গত ১০ নভেম্বর কমস্টক পার্কের ‘এশিয়া স্পা ম্যাসাজ’সহ কয়েকটি স্থানে অভিযান চালান তদন্তকারীরা।
সেখানে তল্লাশি চালিয়ে এফবিআই এজেন্টরা দুটি শোবার ঘর, একটি ছোট রান্নাঘর এবং কাপড় ধোয়ার স্থান (লন্ড্রি এলাকা) খুঁজে পান।
এক এজেন্ট হলফনামায় লিখেছেন, “এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে আমার ধারণা, কর্মীরা ওই প্রতিষ্ঠানের বেসমেন্টে বসবাস করতেন।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া