বগুড়া, ২৪ নভেম্বর: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। নির্মাতা ও প্রযোজক এমডি ইকবালও সংবাদমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, ‘নসীব’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন এই অভিনেতা। বুধবার (২৫ নভেম্বর) তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল।
শুটিং ইউনিটের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে হোটেলের কক্ষে অবস্থান করছিলেন সোহেল খান। পরে তাঁকে ডাকতে কক্ষে যান ইউনিটের এক সদস্য। এ সময় তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিনেতা শাহরিয়ার নাদিম জয়ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সোহেল খানের মৃত্যুর খবর জানান। তাঁরা দুজনই ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ার হোটেল মম ইন-এ অবস্থান করছিলেন।
ফেসবুক পোস্টে শাহরিয়ার নাদিম জয় জানান, সকালে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে কক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে পড়ে যান সোহেল খান। পরে তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। প্রথমে উপস্থিত কেউ কেউ বিষয়টিকে খাবারের প্রতিক্রিয়া বলে ধারণা করলেও পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহেল খানের আকস্মিক মৃত্যুর খবরে অভিনয়শিল্পী ও নির্মাতাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী ও ভক্তদের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :