রাজশাহী, ২৮ নভেম্বর : রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরপর দুই দিন হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রে ঢুকে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
পেট্রোল বোমার বিস্ফোরণে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বরত লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ও অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, আগের দিনের ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং নিজস্ব নিরাপত্তার জন্য লোকবল বাড়ানো হয়েছিল। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে পাহারায় রাখা হয়। পাশাপাশি পুলিশ প্রশাসনকে নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।
তিনি বলেন, ঘটনার সময় কর্মীরা পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।
নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিন হামলার ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ ঢাকা ছিল। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।
তিনি আরও বলেন, “পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না।”
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম দিন পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। এ কারণে দ্বিতীয় দিন আবার হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
