আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

প্রবাসে শিকড়ের খোঁজ : মিশিগানের সবজি বাগানে বাংলার ছোঁয়া

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০১:৫৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০১:৫৩:৫৯ পূর্বাহ্ন
প্রবাসে শিকড়ের খোঁজ : মিশিগানের সবজি বাগানে বাংলার ছোঁয়া


নিজের হাতে গড়া সবজিবাগানের পাশে হ্যামট্রাম্যাক সিটির বাসিন্দা ফয়সল আহমেদ।

হ্যামট্রাম্যাক, ৩১ জুলাই : প্রবাস মানেই বিচ্ছিন্নতা নয়, বরং কখনো কখনো প্রবাসেই মানুষ নতুন করে খুঁজে পায় নিজের শিকড়কে। সে খোঁজটা কখনো হয় ভাষার মাধ্যমে, কখনো খাবারের স্বাদে, আবার কখনো মাটির সঙ্গে আত্মিক এক বন্ধনে। মিশিগানের প্রবাসী বাঙালিদের গ্রীষ্মকালীন সবজি বাগানগুলো যেন সেই মাটির বন্ধনেরই এক জীবন্ত নিদর্শন।
মিশিগান অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে অবস্থিত। বছরের দীর্ঘ সময় জুড়ে এখানে প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাত থাকে। কিন্তু জুন থেকে আগস্ট এই তিন মাসে আবহাওয়া থাকে তুলনামূলক উষ্ণ ও শুষ্ক, যা অনেকটা বাংলাদেশের গ্রীষ্মকালীন সময়ের সঙ্গে তুলনীয়। এই সময়টিকে কাজে লাগিয়ে প্রবাসী বাঙালিরা নিজেদের বাড়ির পেছনের আঙিনা কিংবা সামনের লনে গড়ে তোলেন ছোট ছোট সবজি বাগান।
মাটি প্রস্তুত, বীজ বপন, চারা রোপণ, পানি দেওয়া, আগাছা পরিষ্কার, বাঁশ বা কাঠের খুঁটি দিয়ে গাছকে আগলে রাখা সব মিলিয়ে এ এক পরিশ্রমসাধ্য কাজ। কিন্তু সেই পরিশ্রমে থাকে ভালোবাসা, আত্মপরিচয়ের অনুসন্ধান এবং প্রিয় মাটির ঘ্রাণ খোঁজার এক অবিরাম চেষ্টা।
এইসব সবজিবাগান অনেকটাই বাংলাদেশের গ্রামীণ কৃষিজ আঙিনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে চাষ হয় নানা রকম পরিচিত ও প্রিয় সবজি। জনপ্রিয় সবজিগুলোর মধ্যে রয়েছে লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, যেগুলো মাচায় তুলে চাষ করা হয়। এসব গাছের ফুল অনেকের কাছে এক অমলিন স্মৃতি জাগায়।

ওয়ারেন সিটির বাসিন্দা চন্দনা বানার্জির পরিশ্রমে গড়া সবজিবাগানে সুন্দর কলমি শাক।

শিম, বরবটি, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গার মতো সরু লতানো গাছগুলো মাচা বেয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। বেগুন, ফুলকপি, ঢেঁড়স, টমেটো, শসা ইত্যাদি সাজানো সারিতে চাষ হয় জমির মতো নির্ধারিত বেডে। আবার অনেকে লাল শাক, কলমি শাক, পাট শাক, সর্ষে শাক, ধনে পাতা, পুঁইশাক, কচুর মতো শাকসবজি টব বা কাঠের তৈরি উঁচু বেডে চাষ করেন। বিভিন্ন ধরণের কাঁচা মরিচও চাষ হয়। মরিচের গাছগুলো ছোট হলেও পরিচর্যা করলে ফলন ভালো হয়। অনেকেই নিজের ঘরের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশীকেও ভাগ করে দেন সেই ঘ্রাণভরা মরিচ। পাশাপাশি টবে লেবু গাছও লাগানো হয়। 
এমনকি কিছু পরিবার শীতের সময় ইন্ডোর গ্রীনহাউস তৈরি করে বীজ অঙ্কুরোদ্গম করান, তারপর গ্রীষ্মে তা বাইরে রোপণ করেন। এই অভ্যাসটি এখন অনেকের কাছেই রীতিমতো বার্ষিক রুটিন হয়ে উঠেছে।
এই সবজি চাষের মাধ্যমে প্রবাসী বাঙালিরা শুধু দেশীয় খাবারের স্বাদই ফিরিয়ে আনেন না, বরং প্রজন্মান্তরের মাঝে বাংলাদেশের কৃষি-সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের ধারাবাহিকতা বজায় রাখার সচেতন প্রয়াস করেন।

 মিশিগানের ফয়সল আহমেদের শখের সবজি বাগানে এখন নজরকাড়া সবুজ ছড়ানো। তার পরিচর্যায় গড়ে ওঠা ছোট্ট বাগানে সমৃদ্ধভাবে বেড়ে উঠছে বেগুন, কাঁচামরিচসহ অন্যান্য শাকসবজি। 

নতুন প্রজন্মের অনেক শিশু বা কিশোর-কিশোরী যাদের জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়, তাদের জন্য এ এক শিক্ষণীয় অভিজ্ঞতা। কীভাবে বীজ থেকে গাছ হয়, কেমন করে লতানো করলার ডগা ধরে কুঁচকানো ফল হয়, কিভাবে লাউফুল থেকে লাউ ধরে, কোনটা পাকা টমেটো আর কোনটা কাঁচা সব শেখার মাঝে এক নিরব উত্তরাধিকার পৌঁছে দেওয়া হয়।
একই সঙ্গে, পরিবারের মধ্যে একধরনের আন্তরিকতা তৈরি হয়। বাড়ির সদস্যরা একসঙ্গে বাগানে সময় কাটান, গাছের যত্ন নেন, পোকা দূর করেন, কেউ পানি দেন, কেউ ছবি তোলেন। সামাজিক মাধ্যমেও এই বাগানের ছবি বা ভিডিও শেয়ার করার প্রবণতা বেড়েছে, যেটি আবার প্রবাসী কমিউনিটির মধ্যে এক ধরণের আত্মপরিচয়ের চর্চা হিসেবে কাজ করে।
মাত্র তিন মাসের এই গ্রীষ্মকালীন বাগান বছরজুড়েই বাঙালি প্রবাসীদের মনে রেখাপাত করে রাখে। এটি প্রমাণ করে, মানুষ যতই দূরে থাকুক না কেন, নিজের শেকড়কে ভুলে থাকা সম্ভব নয়। প্রবাসে থেকেও এই সবজিবাগানগুলো যেন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার মতো এক টুকরো বাংলাদেশ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের