আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন
নতুন অধ্যায়ের অপেক্ষায় বাংলাদেশ

রাত পোহালেই ভোটের মহাযজ্ঞ

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০২:৫৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০২:৫৯:৪৪ পূর্বাহ্ন
রাত পোহালেই ভোটের মহাযজ্ঞ
ঢাকা, ১১ ফেব্রুয়ারি : দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন-সংগ্রাম, সংঘাত ও ভোটাধিকার ঘিরে তীব্র বিতর্কের পথ অতিক্রম করে অবশেষে এক নতুন প্রভাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশ। অপেক্ষার প্রহর গুনছে পুরো জাতি। রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—যে ভোট কেবল জনপ্রতিনিধি নির্বাচনের নয়, বরং গণতন্ত্রের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের এক ঐতিহাসিক অধ্যায়। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সারা দেশে উৎসবমুখর আবহের পাশাপাশি বিরাজ করছে কঠোর নিরাপত্তা ও বাড়তি সতর্কতা।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার , প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় শেষ হলেও কেন্দ্রের ভেতরে অবস্থানরত ভোটারদের ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোটারদের শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে মোতায়েন করা হয়েছে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এবারের সংসদ নির্বাচনে মোট আসন সংখ্যা ২৯৯টি। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় সেই আসনে ভোট স্থগিত করা হয়েছে। দেশজুড়ে মোট ৪২ হাজার ৭৭৯ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রায় অর্ধেক কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে এবার প্রথমবারের মতো ব্যাপকভাবে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ, নারী ভোটার প্রায় ৬ কোটি ২৮ লাখ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।  দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে ইসি। ইতোমধ্যে প্রায় ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। এবার দুটি পৃথক ব্যালট ব্যবহার করা হবে—জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট শেষে দুটি ব্যালটের ফলাফল একসঙ্গে গণনা ও প্রকাশ করা হবে, যাতে কোনো বিভ্রান্তি বা অস্থিরতা সৃষ্টি না হয়।
ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটার, সাংবাদিক, পর্যবেক্ষক ও নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় ১০ হাজার সাংবাদিক ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক এবং ১৫৬ জন বিদেশি সাংবাদিক এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।
রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ে প্রচারণা চালিয়েছেন। প্রচার শেষ হওয়ার পর এখন তারা ভোটের ফলাফলের অপেক্ষায়। নির্বাচনকে ঘিরে কিছু বিচ্ছিন্ন উত্তেজনার খবর পাওয়া গেলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা বরদাশত করা হবে না।
ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে এবং পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে। দেশের নাগরিকরা এখন অপেক্ষায়—আগামী দিনের নেতৃত্ব কাদের হাতে ন্যস্ত হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ভোটাররাই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক