আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রকে বাণিজ্যচুক্তি নিয়ে আশ্বস্ত করল বাংলাদেশ, থাকছে পর্যালোচনার সুযোগ

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১২:৩২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১২:৩২:৩৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রকে বাণিজ্যচুক্তি নিয়ে আশ্বস্ত করল বাংলাদেশ, থাকছে পর্যালোচনার সুযোগ
ছবি: U.S. Embassy Dhaka, Facebook Page

ঢাকা‎, ৪ মার্চ :  অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তির কোনো অংশ নিয়ে কথা থাকলে তা পর্যালোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বুধবার ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুই মন্ত্রী।
আজ পল কাপুরের নেতৃত্বে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ একটি প্রতিনিধিদল জ্বালানি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে ড. খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে বাংলাদেশ।
পল কাপুর গতকাল মঙ্গলবার রাতে দুদিনের সফরে ঢাকায় এসেছেন। আজ তিনি সরকারের বিভিন্ন দপ্তরে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় ব্যবসায়ীদের নিয়ে এক নৈশভোজে অংশ নেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর ১৫ শতাংশ শুল্ক রয়েছে। পরে যেন শুল্ক ১৯ শতাংশ না হয়ে কিছু কম হয়, সে আবেদন বাংলাদেশ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই চুক্তি হুট করে নির্বাচনের তিন দিন আগে হয়নি। এক বছর আগে আমরা বাণিজ্য ঘাটতি নিয়ে কথা শুরু করি। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত টানা আলোচনা চলে।’ ‘চুক্তিতে এন্ট্রি ও এক্সিট ক্লজ আছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘নোটিফিকেশন না হওয়া পর্যন্ত এটি কার্যকর হয় না এবং চাইলে ৬০ দিনের নোটিশে বেরিয়ে আসা যায়। সুতরাং, আমরা বাংলাদেশকে কোনো বিপদে ফেলিনি। ভিয়েতনাম, কম্বোডিয়া বা ইন্দোনেশিয়ার চুক্তির ভাষা খেয়াল করলে দেখবেন, আমরা ভালো অবস্থানে আছি। এই চুক্তি “বাংলাদেশ ফার্স্ট” নীতির সঙ্গে মোটেও সাংঘর্ষিক নয়।’
বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি তাঁদের জানিয়েছি যে, ইতিমধ্যে দুজন বাংলাদেশি মারা গেছেন, সাতজন আহত হয়েছেন। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে এই সংখ্যা বাড়তে পারে। একই সঙ্গে আমাদের মতো দেশে এই যুদ্ধের যে প্রতিক্রিয়া হবে, সেটা বহন করা দুঃসাধ্য। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনীতিকে একটা সুযোগ দিয়ে সংঘাত-সমস্যা যেন সমাধানের প্রচেষ্টা করেন, সেটা বলেছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং সংকটের টেকসই সমাধানের জন্য টেকসই আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে পল কাপুরের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্যচুক্তি নিয়ে তেমন আলোচনা না হলেও এই চুক্তি সংশোধন ও পুনরায় আলোচনার পথ খোলা রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তিতে উভয় পক্ষের স্বার্থ জড়িত থাকে। কোনো ধারা এক পক্ষের অনুকূলে থাকলেও আলোচনার মাধ্যমে ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়। তাই চুক্তিটিকে এখনই পুরোপুরি ইতিবাচক বা নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। প্রয়োজনে ভবিষ্যতে সংশোধন ও পুনরায় আলোচনার পথ খোলা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, কিছু নন-ট্যারিফ বাধা দূর করা গেলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে এবং উন্নয়ন সহায়তার সুযোগও সম্প্রসারিত হবে। সরকারের লক্ষ্য, দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা। চুক্তি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন না হয়ে বাস্তবতা বিবেচনায় সরকার অগ্রসর হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘মধ্যপ্রাচ্যের ঘটনায় সারা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। অনেক প্রতিশ্রুত জ্বালানি আসছে না। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করলাম। এই সংকটে তারা আমাদের কী সহযোগিতা করতে পারে, তা নিয়ে কথা হয়েছে। সংকট সমাধানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি দুই ধরনের সহায়তা চেয়েছি। তারা বলেছে, সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে জানাবে।’
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ