গ্র্যান্ড র্যাপিডস, ১৮ মার্চ : অভিবাসীদের কাছে ভুয়া পরিচয়পত্র বিক্রির দায়ে দোষী সাব্যস্ত গুয়াতেমালার এক নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মিশিগানের পশ্চিমাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নি টিমোথি ভারহে জানান, সোমবার গ্র্যান্ড র্যাপিডসের একটি ফেডারেল আদালতের বিচারক ৩৫ বছর বয়সী নরমা আয়ালাকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, কারাদণ্ড ভোগ শেষে আয়ালাকে তার নিজ দেশ গুয়াতেমালায় ফেরত পাঠানো হবে। এছাড়া, তাকে এর আগে চারবার যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার (deport) করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়।
এক বিবৃতিতে ভারহে বলেন, “এই মামলাটি একটি দৃষ্টান্ত—যা দেখায় কেন সাধারণ মানুষ অবৈধ অভিবাসনের বিষয়ে তাদের সহনশীলতা হারাচ্ছে। মিস আয়ালাকে চারবার যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল, যা আমাদের আইনের প্রতি তার অবজ্ঞারই পরিচায়ক। পঞ্চমবার ফিরে এসে তিনি একটি জালিয়াতি চক্র গড়ে তোলেন, যার উদ্দেশ্য ছিল নিজের আর্থিক লাভ এবং অন্যদের অভিবাসন আইন ফাঁকি দিতে সহায়তা করা। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এমন ঘটনায় আমাদের দপ্তর কঠোর ব্যবস্থা নেবে।”
মঙ্গলবার এ বিষয়ে মন্তব্যের জন্য ফেডারেল পাবলিক ডিফেন্ডার অফিসের হয়ে আয়ালার প্রতিনিধিত্বকারী আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষের অভিযোগ, আয়ালা এবং গুয়াতেমালার আরও দুই নাগরিক—রিগোবার্তো ভাসকেজ-ভাসকেজ ও এজিদিও ভাসকেজ-মেনচো ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত গ্র্যান্ড র্যাপিডস এলাকায় ভুয়া স্থায়ী আবাসিক পরিচয়পত্র ও সোশ্যাল সিকিউরিটি কার্ড বিক্রির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
তদন্তে জানা যায়, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস-এর এজেন্টরা প্রথম এই জালিয়াতি চক্রের বিষয়ে তথ্য পান। আয়ালা ক্রেতাদের কাছ থেকে ফরমায়েশ নিতেন, প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করতেন এবং সেগুলো সহ-ষড়যন্ত্রকারীদের কাছে পাঠাতেন। পরে প্রস্তুতকৃত ভুয়া পরিচয়পত্র ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে অর্থ সংগ্রহ করতেন।
গত সেপ্টেম্বর মাসে গ্র্যান্ড র্যাপিডসে একটি ‘গ্র্যান্ড জুরি’র মাধ্যমে তিনজনকেই অভিযুক্ত (indict) করা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভুয়া পরিচয়পত্র হস্তান্তরের ষড়যন্ত্র এবং ভুয়া পরিচয়পত্র বিতরণের অভিযোগ আনা হয়। এসব অভিযোগে প্রত্যেকের সর্বোচ্চ ১৫ বছর করে কারাদণ্ড হতে পারত। এছাড়া, আয়ালা ও ভাসকেজ-মেনচোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পুনঃপ্রবেশের অভিযোগও আনা হয়েছে, যার জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।
কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত তিনজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। ভাসকেজ-মেনচো ও ভাসকেজ-ভাসকেজের সাজা পরবর্তী তারিখে ঘোষণা করা হবে।
হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস-এর ডেট্রয়েট কার্যালয়ের ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি জ্যারেড মারফি এক বিবৃতিতে বলেন, “জাল পরিচয়পত্র তৈরি ও বিতরণ আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। এইচএসআই এ ধরনের জালিয়াতি চক্র শনাক্ত ও দমনে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে আমরা আমাদের অংশীদার সংস্থাগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাব।”
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :