হ্যামট্রাম্যাক, ১৬ এপ্রিল : চলতি সপ্তাহের শুরুতে বন্দুকের মুখে এক কিশোরীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত এক সন্দেহভাজনকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হ্যামট্রাম্যাক পুলিশের তথ্যমতে, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাকে ৩১তম ডিস্ট্রিক্ট আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
শহরের নেতৃবৃন্দ জানান, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে ঘটনাটি ঘটে। সে সময় ১৬ বছর বয়সী এক কিশোরী বাসের জন্য অপেক্ষা করছিল। হ্যামট্রাম্যাক পাবলিক স্কুলস বোর্ড অফ এডুকেশনের সভাপতি আব্দুলমালিক আলগাহাইম জানান, ফ্রন্টিয়ার ইন্টারন্যাশনাল একাডেমির ওই শিক্ষার্থীকে বন্দুকের মুখে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
পুলিশ নিশ্চিত করেছে, ভুক্তভোগী কিশোরী এবং সন্দেহভাজন ব্যক্তির মধ্যে পূর্বপরিচয়ের কোনো সম্পর্ক ছিল না।
আলগাহাইম আরও জানান, ঘটনাটি প্রত্যক্ষ করা কয়েকজন শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের তথ্য ব্যবহার করে কিশোরীর অবস্থান শনাক্তে সহায়তা করে এবং পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শিক্ষার্থীদের সচেতনতা, দ্রুত প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের সঙ্গে ভাগ করে নেওয়ার মানসিকতা সবকিছু মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে সহায়তা করেছে।” তিনি আরও যোগ করেন, “তাদের এই সাহসিকতা আমাদের তরুণ প্রজন্মের ঐক্য ও শক্তির উজ্জ্বল দৃষ্টান্ত।”
পুলিশ দ্রুততার সঙ্গে সন্দেহভাজনের ব্যবহৃত গাড়ি শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী বর্তমানে নিরাপদে রয়েছে।
তবে সন্দেহভাজনের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। মিশিগান অঙ্গরাজ্যে অপহরণের মতো গুরুতর অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :