চট্টগ্রাম, ৬ জুন : নগরীর নন্দনকানন এলাকায় লোকনাথ মন্দির ও সংলগ্ন খাসজমির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এ ঘটনায় অন্তত চারজন আহত হন এবং একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টার দিকে ইসকনের একটি দল ওই এলাকায় প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মন্দিরের একটি কক্ষ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থলে উপস্থিত নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মো. কবির ভূঁইয়া জানান, লোকনাথ মন্দির ও সংলগ্ন জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় কিছু খাসজমি রয়েছে, যার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে ইসকন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলছে।
তাদের অভিযোগ, ইসকন পর্যায়ক্রমে ওই এলাকার জমি ও মন্দির নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে এলাকার সাধারণ হিন্দুরা মনে করেন, এই জমি ও মন্দির তাঁদের নিজস্ব ধর্মীয় সম্পদ, যেখানে বাইরের কোনো সংগঠনের হস্তক্ষেপ তারা মানবেন না। অন্যদিকে উভয় পক্ষই নিজ নিজ অবস্থান থেকে জমি ও ধর্মীয় স্থাপনার স্বত্ব দাবি করছে।
চট্টগ্রাম নগর পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :