জুনটিন্থ দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১৭ জুন ডেট্রয়েটের লিবার্টি টেম্পল ব্যাপ্টিস্ট চার্চে রেভারেন্ড জেসি জ্যাকসন সিনিয়রের জীবন উদযাপন অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষের একাংশ/ Robin Buckson, The Detroit News
ডেট্রয়েট, ১৯ জুন : যুক্তরাষ্ট্র যখন চলতি গ্রীষ্মে তার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন দাসপ্রথা বিলুপ্তির স্মারক দিবস ‘জুনটিন্থ’ সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষে পরিণত হয়েছে। অনেক সংগঠকের মতে, সাম্প্রতিক সময়ে নাগরিক অধিকার ক্ষয়িষ্ণু হওয়ায় এ দিবসটির তাৎপর্য আরও বেড়েছে।
প্রতি বছর ১৯ জুন পালিত এই দিনটি ১৮৬৫ সালের ঐতিহাসিক ঘটনার স্মরণে উদযাপিত হয়। ওই দিন টেক্সাসের গ্যালভেস্টনে অবস্থানরত সর্বশেষ দাস জনগোষ্ঠী ইউনিয়ন বাহিনীর কাছ থেকে জানতে পারে যে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করেছেন। উল্লেখ্য, ‘মুক্তি ঘোষণা’ জারি হওয়ার দুই বছরেরও বেশি সময় পর এবং লিংকনের হত্যাকাণ্ডের দুই মাসেরও কিছু বেশি সময় পরে তারা এই খবরটি জানতে পারে। পরে ২০২১ সালে কংগ্রেসের আইন পাসের মাধ্যমে জুনটিনথকে ফেডারেল ছুটির মর্যাদা দেওয়া হয়, যা তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করেন।
বর্তমানে জুনটিন্থ উদযাপনের পাশাপাশি প্রতিবাদ ও আন্দোলনের বিষয়টিও এর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সমর্থকরা উদ্বেগ প্রকাশ করছেন যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের ফলে ১৯৬৫ সালের ‘ভোটিং রাইটস অ্যাক্ট’ দুর্বল হয়েছে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, ট্রাম্প প্রশাসন বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক (DEI) কর্মসূচি বাতিলের দিকে অগ্রসর হয়েছে এবং কিছু জনপ্রতিনিধি কৃষ্ণাঙ্গ ইতিহাস শিক্ষা নিয়েও প্রশ্ন তুলছেন।
এ বছর দিবসটি উপলক্ষে মিশিগানজুড়ে বিভিন্ন সম্প্রদায় ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সামাজিক বাধা দূর করা এবং অধিকার বিস্তারের লক্ষ্য নিয়ে এসব আয়োজনের মধ্যে রয়েছে রাজনৈতিক আলোচনা সভা, ‘প্রতিরোধ সম্মেলন’ এবং অপরাধ রেকর্ড মুছে ফেলা বা আইনি নথি সংশোধনের বিশেষ সেবা মেলা।
‘মিশিগান ইউনাইটেড অ্যাকশন’-এর ফেইথ অ্যান্ড জাস্টিস বিভাগের পরিচালক এল্ডার লেসলি ম্যাথিউস বলেন, “আমাদের একটি কথা আছে—যতক্ষণ না আমরা সবাই মুক্ত হচ্ছি, ততক্ষণ আসলে কেউই পুরোপুরি মুক্ত নই।”
সংগঠনটি পুরো জুন মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে কৃষ্ণাঙ্গ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা করতে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে ‘বাইকট’ আন্দোলন এবং প্রয়াত রেভারেন্ড জেসি জ্যাকসনের জীবন ও অবদানকে কেন্দ্র করে আয়োজিত একটি স্মরণ ও উদযাপন অনুষ্ঠান।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :