ওয়ারেন, ১০ আগস্ট : মিশিগানের ওয়ারেন শহরে পৃথক দুটি ঘটনায় মারামারির জেরে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে।
ওয়ারেন পুলিশ এক বিবৃতিতে জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে নিউপোর্ট অ্যাভিনিউয়ের ২৬০০০ ব্লকের একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, পরিবারের সদস্যদের মধ্যে হাতাহাতি বা মারামারির একপর্যায়ে গুলি চালানো হয়। এতে একজন নিহত হন।
পুলিশ জানায়, একই রাতে দ্বিতীয় ঘটনাটি ঘটে রাত ৩টা ১৫ মিনিটের দিকে স্টুয়ার্ট অ্যাভিনিউয়ের ২৪০০০ ব্লকের একটি বাড়িতে। তদন্তে জানা যায়, নিহত ব্যক্তি ওই বাড়ির এক নারীর সাবেক প্রেমিক ছিলেন। তিনি বিনা আমন্ত্রণে সেখানে উপস্থিত হয়ে ওই নারী ও আরও এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তর্কাতর্কি থেকে হাতাহাতির একপর্যায়ে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। দুটি ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় জড়িত সন্দেহভাজনদের হেফাজতে নেওয়া হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :