ঢাকা, ১৩ আগস্ট : বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ দিন বাংলাদেশে সাধারণ ছুটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক পর্যালোচনা বৈঠক শেষে এই চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের সব কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে রাতে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানেরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি মারা যান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :