ওয়ারেন, ১৪ আগস্ট : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে বাংলা প্রেসক্লাব মিশিগানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে বাংলা প্রেসক্লাব মিশিগানের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেল আহমেদের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক, সহকারী সাধারণ সম্পাদক কাওসার দেওয়ান, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদসহ সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রবাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র সফররত জামায়াতে ইসলামীর এই নেতা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন, প্রবাসীদের অধিকার ও কল্যাণ, দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতের দাম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর মতামত তুলে ধরেন।
গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণের ভোটে যে সিদ্ধান্ত এসেছে, তা বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। প্রয়োজনে সংসদের ভেতরে এবং জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সিটি অব ওয়ারেনের বোর্ড অব রিভিউ সদস্য ফয়সাল আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক জুবেরুল চৌধুরী খোকন, আল কুরআন একাডেমির প্রিন্সিপাল খায়রুল হাসান রফিক, মসজিদ আল ফালাহর সভাপতি কোরবান চৌধুরী, মুসলিম উম্মাহর পরিচালক ওয়ালিউর রহমান, রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মেদ নাসের, হ্যামট্রাম্যাক স্কুল বোর্ডের সাবেক সদস্য আতাউর রহমান খান, ওয়ারেন সিটি কমিশনের সদস্য আজিজ চৌধুরী, মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত ও ওয়ারেন সিটি কমিশনের সদস্য সাব্বির খান এবং নিউইয়র্ক টু সিলেট টিভির প্রতিনিধি মোস্তাক চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
মতবিনিময় শেষে বাংলা প্রেসক্লাব মিশিগানের পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়েরকে শুভেচ্ছা স্মারক হিসেবে বাংলা প্রেসক্লাব মিশিগানের লোগো সংবলিত কলম ও কফি মগ উপহার দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
