সাউথ জার্সি, ১৬ আগস্ট : ধর্মীয় আবহ, গীতি-নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নিউ জার্সির সাউথ জার্সিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কৃষ্ণলীলা।
গতকাল শনিবার, ১৫ আগস্ট, এগ হারবার টাউনশিপের ৫৭১ সাউথ পোমোনা রোডে অবস্থিত হিন্দু-জৈন বৈকুণ্ঠ মন্দিরের মিলনায়তনে রাত ৮টায় শুরু হয় কৃষ্ণলীলার এই আয়োজন।
অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, শৈশবের বিভিন্ন লীলা এবং তাঁর ধর্মীয় ও নৈতিক শিক্ষার নানা দিক গীতি, নৃত্য ও নাট্যরূপে তুলে ধরা হয়।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কৃষ্ণলীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের পার্থিব জীবনের ঐশ্বরিক কর্মকাণ্ড ও লীলার শৈল্পিক উপস্থাপন। এর মাধ্যমে প্রেম, মানবতা, ন্যায় ও ধর্মের বার্তা এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির জয়ের আদর্শ তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে শ্রীকৃষ্ণের জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধ তুলে ধরাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র আরও দৃঢ় করতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সাউথ জার্সির বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বীর সমাগম ঘটে। পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হয়ে তারা কৃষ্ণলীলার এই ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন। কৃষ্ণলীলাকে ঘিরে সাউথ জার্সির সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :