সিলেট, ২৭ আগস্ট : নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ আগস্ট সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব অডিটোরিয়ামে সংগঠক শিপলু রাহাত ও গিয়াস সানির যৌথ সঞ্চালনায় সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল ইসলাম এর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কবির আহমেদ সোহেল, সাংবাদিক ও সংগঠক উৎফল বড়ুয়া, লেখক, সাংবাদিক ও সংগঠক আমীর হোসেন সোহাগ, গিয়াস সানি, আসাদুজ্জামান নুর, নজরুল ইসলাম, সোলেমান হুসেন চন্দু, ফারুক আহমেদ, মো. আবু ইউসুফ, সংগঠক সিদ্দিকা রুনা সুলতানা, সফিকুর রহমান, জিল্লুর রহমান, আমিরুল ইসলাম চৌধুরী, লিপি খানম, মুহিবুর রহমান চৌধুরী, আজিজুল ইসলাম, সাংবাদিক জুবের আহমেদ সার্জন ও শাহান উদ্দিন নাজু প্রমুখ।
সভায় মুখ্য আলোচক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সামাজিক সংগঠন, মানবিক মানুষ ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সিলেট বিভাগসহ সারাদেশে পরিষদের কার্যক্রম বিস্তৃত করতে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তিনি যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, নিরাপদ যাতায়াত কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠায় একটি শক্তিশালী সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শামসুল ইসলাম উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাঁদের ভূয়সী প্রশংসা করেন। তিনি নিরাপদ যাতায়াত ব্যবস্থা বাস্তবায়নে পরিষদের উদ্যোগের সফলতা কামনা করে সংগঠনটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

উৎফল বড়ুয়া :