ডিয়ারবর্ন, ২৮ আগস্ট: ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত এক বয়স্ক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডিয়ারবর্ন পুলিশকে খবর দেওয়া হয়, ডিমেনশিয়ায় আক্রান্ত ওই বয়স্ক নারী ফোর্ড ও মিলার রোডের কাছে হার্টওয়েল স্ট্রিটের ৫৬০০ ব্লকে অবস্থিত নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন।
খবর পেয়ে পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি শুরু করে। এর কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, মিলার রোড ও সাউদার্ন অ্যাভিনিউয়ের কাছে এক নারী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা নিশ্চিত করেন, নিহত নারীই সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়া ব্যক্তি।
ডিয়ারবর্ন পুলিশ বিভাগ এক বিবৃতিতে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে শোকাহত পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
মিশিগানে সাম্প্রতিক সময়ে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত হওয়ার কয়েকটি ঘটনার পর এ দুর্ঘটনা ঘটল।
এর আগে মে মাসে গ্র্যান্ড র্যাপিডসে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হন। মার্চ মাসে ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় ৩৩ বছর বয়সী এক পথচারী প্রাণ হারান। এছাড়া জুন মাসে ম্যাকম্ব কাউন্টির নিউ হ্যাভেন ভিলেজে ভিক্টোরিয়া ও মেইন স্ট্রিটের কাছে ট্রেনের ধাক্কায় এক পথচারী নিহত হন।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :