সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৮:০৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৮:০৩:৩৩ অপরাহ্ন
সাউথফিল্ড, ৫ সেপ্টেম্বর : গতকাল  শুক্রবার রাতে একটি রেস্তোরাঁর পার্কিং লটে কথা-কাটাকাটির জেরে এক নারী ও এক পুরুষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ওই নারী নিহত এবং দুই পথচারী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সাউথফিল্ডে কোনো রেস্তোরাঁর বাইরে এক মাসেরও কম সময়ের মধ্যে একাধিক ব্যক্তির ওপর প্রাণঘাতী গোলাগুলির এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ৯ আগস্ট ভবনের পার্কিং লটে গোলাগুলিতে দুজন নিহত ও একজন আহত হন। পুলিশ জানিয়েছিল, ওই ভবনে থাকা একটি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরও অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছিল।
সাউথফিল্ড পুলিশ জানায়, সর্বশেষ ঘটনাটি শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে এভারগ্রিন এলাকার টিজিআই ফ্রাইডেজ (TGI Fridays) রেস্তোরাঁর পার্কিং লটে ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, নিহত নারী ও গ্রেপ্তার হওয়া পুরুষ—উভয়েরই বৈধ সিপিএল (Concealed Pistol License) ছিল। পার্কিং লটে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা পরস্পরের দিকে আগ্নেয়াস্ত্র তাক করেন এবং গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ দুই ব্যক্তি পথচারী ছিলেন এবং ওই বিবাদের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইংকস্টারের বাসিন্দা ৫৮ বছর বয়সী ওই নারীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ডেট্রয়েটের ৫৪ বছর বয়সী এক ব্যক্তি পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এছাড়া জর্জিয়ার ৪২ বছর বয়সী এক নারী কাঁধের ওপরের অংশ ও বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন। দুজনের অবস্থাই গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ এ ঘটনায় সাউথফিল্ডের ৩৫ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করেছে। 
গত মাসের গোলাগুলির ঘটনাটি ঘটেছিল ভোর সাড়ে ৩টার দিকে একটি অফিস ভবনের পার্কিং লটে। ওই ভবনে ‘হিডেন জেম’ (Hidden Gem) নামে দক্ষিণাঞ্চলীয় ঘরানার খাবারের একটি রেস্তোরাঁ ছিল। ঘটনাস্থলের একটি করিডোরে রেডফোর্ডের ২৪ বছর বয়সী ক্রিস্টোফার গ্রিফিথ জুনিয়রকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পায়ের নিচের অংশে গুলির ক্ষত ছিল। এছাড়া হার্পার উডসের সাবেক বাসিন্দা এবং বর্তমানে টেনেসিতে বসবাসরত ২৮ বছর বয়সী জনি জ্যাকসন পা, পিঠ ও পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ডেট্রয়েট পুলিশ বিভাগ জানায়, ওই ঘটনায় আহত নিউ হ্যাভেনের ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে ডেট্রয়েটের সিনাই গ্রেস হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পায়ের গুলির ক্ষতের চিকিৎসা করা হয়। তার আঘাত প্রাণঘাতী ছিল না।
ঘটনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাউথফিল্ডের পুলিশ প্রধান এলভিন ব্যারেন জানান, ‘হিডেন জেম’-এর কোনো মদের লাইসেন্স ছিল না। নির্ধারিত সময়ের পরও অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত চলছিল।
Source & Photo: http://detroitnews.com

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com