সাউথ জার্সিতে গণেশ চতুর্থী উৎসব শুরু ১৪ সেপ্টেম্বর

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৪:২৮:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৪:২৮:৩৮ পূর্বাহ্ন
সাউথ জার্সি, ৯ সেপ্টেম্বর : নিউজার্সি অঙ্গরাজ্যের অ্যাটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘গণেশ চতুর্থী উৎসব’ আয়োজন করা হয়েছে। এগ হারবার টাউনশিপের ৫৭১ সাউথ পোমোনা রোডে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে এ উৎসব অনুষ্ঠিত হবে।
‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে গণেশ চতুর্থী উৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে আরতি, ভজন-কীর্তন, শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত রজনী ও প্রসাদ বিতরণ।
১৪ সেপ্টেম্বর ভজন সংগীত পরিবেশন করবেন উমেশ প্যাটেল ও তাঁর দল। আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হবে বিশেষ সংগীত রজনী। এতে সংগীত পরিবেশন করবেন ‘ইন্ডিয়ান আইডল’খ্যাত সংগীতশিল্পী নিতিন কুমার।
গণেশ চতুর্থী উৎসবে সপরিবারে অংশ নিয়ে অনুষ্ঠান সফল করার জন্য কমিউনিটি ব্যক্তিত্ব বিনোদ ভেলোর, সুমন মজুমদার, দীপক শাহ, রকি মাকাডিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, শান্তনু সরকার ও মনোজিত সাহা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, গণেশ চতুর্থী উৎসব সবার জন্য উন্মুক্ত। এতে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি লাগবে না।
সাউথ জার্সিতে পাঁচ দিনব্যাপী এ উৎসব আয়োজনের খবরে স্থানীয় প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com