গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০১:০৬:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০১:০৬:১১ পূর্বাহ্ন
৯ সেপ্টেম্বর, বুধবার গ্রস পয়েন্ট উডস-এর লকমুর ক্লাবে অগ্নিকাণ্ড নেভানোর কাজে দমকলকর্মীরা যখন ব্যস্ত, তখন স্থানীয় বাসিন্দারা বেড়ার বাইরে ভিড় করে আছেন। লকমুর হলো একটি ব্যক্তিগত গলফ ও কান্ট্রি ক্লাব/Photo : Robin Buckson, The Detroit News

গ্রস পয়েন্ট উডস, ১০ সেপ্টেম্বর : গ্রস পয়েন্ট উডসের ঐতিহাসিক লকমুর ক্লাবের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা দীর্ঘ সময় ধরে কাজ করছেন।
গ্রস পয়েন্ট উডসের মেয়র আর্থার ডব্লিউ. ব্রায়ান্ট অগ্নিকাণ্ডটিকে ক্লাবের ‘মূল ভবনে’ সংঘটিত একটি ‘বড় ধরনের আগুন’ হিসেবে বর্ণনা করেছেন। ম্যাক অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত ঐতিহাসিক এই ক্লাবটি শহরে এক শতাব্দীরও বেশি সময় ধরে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিকেল ৩টার দিকে গ্রস পয়েন্ট পাবলিক স্কুল সিস্টেম ফেসবুকের মাধ্যমে স্থানীয় পরিবারগুলোকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। জরুরি সেবার যানবাহন যাতে নির্বিঘ্নে ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে কারণেই এ অনুরোধ জানানো হয়।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গ্রস পয়েন্ট এলাকার পাঁচটি পৌরসভার পাশাপাশি বিভিন্ন সংস্থার দমকলকর্মী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছিলেন। এ সময়ও ভবনটির বিভিন্ন অংশ থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল। অগ্নিকাণ্ড দেখতে ঘটনাস্থলের আশপাশে প্রায় ১০০ মানুষ জড়ো হন। এদিকে, ঘন ধোঁয়ায় আকাশও ঢেকে যায়।
মেয়র ব্রায়ান্ট জানান, সন্ধ্যা পর্যন্ত আগুনে ভবনটির ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার ধারণা, ভবনটি ‘দীর্ঘ সময়ের জন্য’ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে। তিনি বলেন, ‘কিছু সময়ের জন্য আমরা সত্যিই এই জায়গাটির অভাব অনুভব করব।’
আগুনের সূত্রপাত কীভাবে এবং এতে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কর্মকর্তারা এখনও বিস্তারিত তথ্য জানাননি। কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। তবে ক্লাবের সদস্যদের জানানো হয়েছে, আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে হয়েছে।
জন এইচ. সুইনি ও ওয়াল্টার ট্র্যাভিসের নকশায় নির্মিত দোতলা লকমুর ক্লাব ও এর ক্লাবহাউস ১৯১৮ সালে চালু হয়। ১৯২৪ সালে অগ্নিকাণ্ডে মূল ক্লাবহাউসটি ধ্বংস হয়ে গেলে পরে সেটি পুনর্নির্মাণ করা হয়।
গত কয়েক বছরে ক্লাবহাউসটিতে বড় ধরনের সংস্কারকাজও করা হয়েছিল। গ্রস পয়েন্টের ৭৪ বছর বয়সী বাসিন্দা ল্যারি আলম্যান তার স্ত্রী শেরিলকে নিয়ে ক্লাবটির সদস্য। আগুন লাগার সময় তিনি ক্লাবহাউসের জিমে অবস্থান করছিলেন। বুধবার বিকেলে আলম্যান বলেন, “ধোঁয়ার গন্ধ অসহনীয় হয়ে উঠেছিল। তাই আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com