যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:০৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:০৪:৫৭ অপরাহ্ন
শন ফেইন,  প্রেসিডেন্ট ইউনাইটেড অটো ওয়ার্কার্স

ল্যান্সিং, ১৫ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রের মাটিতে চীনা কোনো কোম্পানিকে গাড়ি উৎপাদনের সুযোগ দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইউনাইটেড অটো ওয়ার্কার্সের (UAW) প্রেসিডেন্ট শন ফেইন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ল্যান্সিং শহরের কেন্দ্রস্থলে আয়োজিত UAW-এর এক সম্মেলনে ফেইন বলেন, ট্রাম্পের এ ধরনের মন্তব্য ‘মার্কিন শ্রমিকদের গালে চড় মারার শামিল’। সাংবাদিকদের তিনি বলেন, ‘এমন সব দেশের সঙ্গে আমাদের ব্যবসা করা উচিত নয়, যারা... মূলত ক্রীতদাস-সুলভ শ্রমব্যবস্থা চায়।’
এর আগে ৯ সেপ্টেম্বর মিশিগানের ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেন, তিনি এমন কিছু ‘গুজব’ শুনেছেন যে ট্রাম্প একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি বিক্রির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছেন। যা তাঁর প্রস্তাবিত একটি বড় চুক্তির অংশ হতে পারে।
এরপর ফক্স নিউজের উপস্থাপিকা লরা ইনগ্রাহামকে দেওয়া এক সাক্ষাৎকারে স্লটকিনের বক্তব্য সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। ট্রাম্প তখন চীনা গাড়ি যুক্তরাষ্ট্রে বিক্রির অনুমতির বিষয়টিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দেন এবং এবং দাবি করেন যে স্লটকিন তাঁর দায়িত্ব পালনে "খুবই খারাপ" করছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘চীন যদি এখানে এসে গাড়ি তৈরির কারখানা স্থাপন করতে চায়, তাতে আমার কোনো আপত্তি নেই। জাপানও এমনটা করে। তবে তারা আমাদের দেশের মানুষকেই কাজে নিয়োগ দেয়।’
ট্রাম্প বলেন, তিনি চান না চীন মেক্সিকোতে কারখানা স্থাপন করে সেখান থেকে দক্ষিণ সীমান্ত দিয়ে গাড়ি যুক্তরাষ্ট্রে পাঠাক।
যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি নির্মাতাদের কারখানা স্থাপনের বিষয়ে ট্রাম্পের ইতিবাচক অবস্থান নতুন নয়। তিনি দীর্ঘদিন ধরেই এ ধরনের অবস্থানের কথা বলে আসছেন। এমনকি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ও তিনি যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানির কারখানা স্থাপনের পক্ষে বক্তব্য দিয়েছিলেন।
জানুয়ারিতে ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, চীনা কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে এসে কারখানা স্থাপন করে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে তিনি সেটিকে ইতিবাচকভাবে দেখেন। তাঁর মতে, চীন ও জাপানের মতো দেশ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে কারখানা স্থাপন করলে এবং সেখানে মার্কিন শ্রমিকদের নিয়োগ দিলে তা দেশের জন্য ভালো।
তবে ১৫ সেপ্টেম্বর ল্যান্সিংয়ে অনুষ্ঠিত UAW-এর সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট শন ফেইন বলেন, গাড়ি শিল্পে চীনের সম্পৃক্ততা শুধু অর্থনৈতিক বিষয় নয়; এটি জাতীয় নিরাপত্তার বিষয়েও পরিণত হতে পারে।
ফেইন বলেন, ‘নির্বাচনের সময় কিছু রাজনৈতিক দল ও রাজনীতিবিদ কমিউনিজম ও কমিউনিস্ট ব্যবস্থার সমালোচনা করেন। অথচ ব্যবসার প্রশ্নে দেখা যায়, তারাই আবার সেই দেশের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী এবং সেখান থেকে অর্থ উপার্জনের সুযোগ খুঁজছেন।’
ল্যান্সিংয়ে আয়োজিত UAW-এর অনুষ্ঠানে অ্যান আরবারের বাসিন্দা ও ডেমোক্র্যাটিক দলের ইউএস সিনেট প্রার্থী আব্দুল আল-সায়েদও বক্তব্য দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ট্রাম্পের রাজনৈতিক উত্থানের অন্যতম প্রধান বক্তব্য ছিল চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেওয়া।
আল-সায়েদ বলেন, ‘বিষয়টি দেখে মনে হচ্ছে যেন এক বিশাল আত্মসমর্পণ।’
মিশিগানের শূন্য হতে যাওয়া ইউএস সিনেট আসনের নির্বাচনে UAW আল-সায়েদের অন্যতম প্রধান সমর্থক হিসেবে রয়েছে। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের সাবেক ইউএস প্রতিনিধি মাইক রজার্স।
১৫ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে রজার্সের প্রচারশিবিরের মুখপাত্র অ্যালিসা ব্রুইলেট বলেন, রজার্স দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ‘যুক্তরাষ্ট্রের মাটিতে চীনা গাড়ি তৈরির অনুমতি দেওয়া উচিত নয়।’
ব্রুইলেট বলেন, ‘আমরা চাই না চীনা কমিউনিস্ট পার্টি মিশিগানের “বিগ থ্রি” গাড়ি নির্মাতাদের ক্ষতিগ্রস্ত করুক। মাইক নিজেও গাড়ি তৈরির কারখানায় কাজ করেছেন। মিশিগানের গাড়ি শিল্পের কর্মসংস্থান এবং জাতীয় নিরাপত্তার গুরুত্ব মাইক রজার্সের চেয়ে ভালো আর কেউ বোঝেন না।’
সাম্প্রতিক মাসগুলোতে মিশিগানের ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিন এবং ওহাইওর রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো একটি দ্বিদলীয় বিল উত্থাপন করেছেন। অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি বিক্রি নিষিদ্ধ করাই এই বিলের লক্ষ্য।
এ বিষয়ে ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও একটি বিল উত্থাপন করা হয়েছে। মিশিগানের ডেমোক্র্যাট প্রতিনিধি ডেবি ডিঙ্গেল (অ্যান আরবার) এবং রিপাবলিকান প্রতিনিধি জন মুলেনার (ক্যালেডোনিয়া) বিলটি উত্থাপন করেন।
গাড়ি শিল্পসংশ্লিষ্ট অনেকের আশঙ্কা, আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সফরের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের মাটিতে চীনা কোম্পানির গাড়ি উৎপাদনের সুযোগ আরও বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন।
Source & Photo: http://detroitnews.com














 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com