আধুনিক চিকিৎসা প্রযুক্তি নিয়ে হবিগঞ্জে ‘জমজমের’ যাত্রা

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০২:৪৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০২:৪৩:২১ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর : হাওরাঞ্চলের নাভি হিসেবে পরিচিত হবিগঞ্জ শহরে প্রতিদিন চিকিৎসাসেবা নিতে আসেন হাজারো মানুষ। এসব সেবাপ্রত্যাশীকে কেন্দ্র করে শহরে গড়ে উঠেছে মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক। তবে নিজস্ব বিশাল জায়গা, সুপরিসর অবকাঠামো, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের মেডিক্যাল সেবা প্রতিষ্ঠান গড়ে ওঠার স্বপ্ন ছিল দীর্ঘদিনের।
সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। একদল উদ্যমী চিকিৎসক, ওলামায়ে কেরাম এবং স্বপ্নবাজ উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগে বিশ্বের আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় যাত্রা শুরু করেছে জমজম মেডিক্যাল সার্ভিসেস লিমিটেড।
রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জি কে গউছ।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, “আমি সাধারণত কোনো উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যেতে চাই না। তবে জমজমের উদ্যোক্তারা জানিয়েছেন, দোয়ার মাধ্যমে তাদের প্রতিষ্ঠানটির উদ্বোধন হবে। তাই আমি এখানে এসেছি। আমি ভালো কাজের অংশীদার হতে চাই।”
তিনি বলেন, “জমজমের উদ্যোক্তারা অসহায় মানুষের জন্য তাদের প্রতিষ্ঠানের দরজা খোলা রাখার কথা বলেছেন। এ কারণেই আমি এসেছি। জমজম যেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে পারে—এটাই আমার প্রত্যাশা।”
উদ্যোক্তাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারা যা বলেছেন, এখন তা বাস্তবে দেখার অপেক্ষা। তাদের কথা ও কাজের মধ্যে মিল রয়েছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। তাদের ভালো উদ্দেশ্য যেন সফলতার মুখ দেখে—এ কামনা করছি।”
হবিগঞ্জের চিকিৎসাসেবার প্রসঙ্গে হুইপ বলেন, হবিগঞ্জ সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা দূর করে জেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. কামাল উদ্দিন আহমদ বলেন, “নির্ভুল ও আধুনিক চিকিৎসা পরীক্ষার জন্য আমরা বিশ্বের অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছি। ভবিষ্যতে জমজমের ভবন ১০ তলা পর্যন্ত সম্প্রসারণ করে এর ছাদে হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আইসিইউ, সিসিইউ ও এমআরআই সেবা চালুরও পরিকল্পনা রয়েছে।”
তিনি বলেন, “মানের ক্ষেত্রে আমরা কোনো ধরনের আপস করতে চাই না। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পরীক্ষায় ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করপোরেট চুক্তির আওতায় তাদের জন্য ৩০ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।”
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জমজম মেডিক্যাল সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা জাবের আল হুদা চৌধুরী, উমেদনগর টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাশহুরুল হক, হবিগঞ্জ হসপিটাল ও ডায়গনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি সফিকুল বারী আউয়াল, জমজম মেডিক্যাল সার্ভিসেস লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারুক রসিদ, ব্যকস এর সভাপতি সামছুল হুদা, সৈয়দ মুশফিক আহমেদ, হাফেজ মাহওলানা মাহবুবুর রহমান চৌধুরী, মাওলানা সাইদুর রহমান,মোঃ আলতাবুর রহমান, আলাউদ্দিন কুদ্দুছ, সাজিদুর রহমান লাভলু, লুৎফুর রহমান চৌধুরী, এডভোকেট এস এম বজলুর রহমান, ডা. আল আমিন সুমন প্রমুখ। পরে মোনাজাত পরিচালনা করেন বাহুবল কাছিমুল উলুম মাদরাসার অধ্যক্ষ সাইকুল হাদিছ মাওলানা মুনির উদ্দিন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com