বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের কথা বলবে ‘ঢাকা সিডনি ইনসাইডার’

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১০:১৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১০:১৩:৫১ অপরাহ্ন
সিডনি, ১৭ সেপ্টেম্বর: বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জীবন, সাফল্য, সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলা ও ইংরেজি ভাষার ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম ‘ঢাকা সিডনি ইনসাইডার’।
সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটারে গত ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার রাজনীতি, বহুসাংস্কৃতিক সমাজ, কমিউনিটি নেতৃত্ব, আইন, শিক্ষা, ব্যবসা ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় ছিল ‘গণমাধ্যমের গুরুত্ব: তথ্য প্রদান, সংযোগ স্থাপন এবং বহুসাংস্কৃতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা।’
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাল্টিকালচারালিজমের সংসদীয় সচিব মার্ক বুটিগিগ এমএলসি। বিশেষ অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সাবেক সহকারী প্রেসিডেন্ট শওকত মোসলমানি, ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা রহমান, কাউন্সিলর মাসুদ খলিল ও সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু।
এছাড়া বক্তব্য রাখেন কমিউনিটি নেতা গামা আব্দুল কাদের, একুশে একাডেমির সভাপতি সুলতান মাহমুদ, কমিউনিটি নেতা শফিকুল আলম, বিশিষ্ট কলামিস্ট অজয় দাস গুপ্ত, কলামিস্ট ড. সাখাওয়াত নয়ন, কমিউনিটি নেতা ফজলুল হক সফিক, গ্রেস ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক সিমরিতা খাডকার এবং বিশিষ্ট আইনজীবী রাজদত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সিডনি ইনসাইডারের সম্পাদকমণ্ডলীর সভাপতি ড. মো. সিরাজুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান সম্পাদক আজাদ কবির। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে বক্তব্য দেন নির্বাহী সম্পাদক রহমত উল্লাহ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তমঞ্চের সম্পাদক মো. নোমান শামীম, সিডনি বাংলা নিউজের সম্পাদক মিজানুর রহমান সুমন, অস্ট্রেলিয়া বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি অর্ক হাসান, স্বদেশ বার্তার সম্পাদক ফয়সল আজাদ এবং বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি হুমায়ুন কবির রোজ।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি দায়িত্বশীল গণমাধ্যমকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও সংস্কৃতির মানুষের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করতে হবে।
তারা বলেন, অস্ট্রেলিয়ার মতো বহুসাংস্কৃতিক সমাজে বিভিন্ন কমিউনিটির কণ্ঠস্বর তুলে ধরা, পারস্পরিক বোঝাপড়া তৈরি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের মূলধারার সমাজের সঙ্গে সম্পৃক্ত করতে কমিউনিটি মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।
বক্তারা কমিউনিটির মানুষের কথা তুলে ধরতে শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় সরকার ও বহুসাংস্কৃতিক কমিউনিটির মধ্যে যোগাযোগের সেতু হিসেবে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা করেন তারা।

‘সংবাদ প্রকাশ করাই শেষ কথা 
নয়, টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ’
আলোচনায় গণমাধ্যমের ভবিষ্যৎ ও টেকসই সাংবাদিকতা নিয়েও গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে। বক্তারা বলেন, একটি সংবাদপত্র বা নিউজ প্ল্যাটফর্ম চালু করা তুলনামূলক সহজ হলেও দীর্ঘমেয়াদে তা টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে সংবাদ প্রকাশের সুযোগ যেমন বেড়েছে, তেমনি গণমাধ্যমের সামনে তৈরি হয়েছে নানা নতুন চ্যালেঞ্জ।
পাঠকের আস্থা অর্জন, নির্ভুল ও যাচাই করা তথ্য প্রকাশ, দক্ষ সাংবাদিকতা বজায় রাখা, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং আর্থিকভাবে একটি সংবাদমাধ্যমকে টেকসই করা—সবকিছুকেই বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বক্তারা।
তারা বলেন, বিশেষ করে কমিউনিটি মিডিয়ার ক্ষেত্রে শুধু সংবাদ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না। পাঠকের চাহিদা ও প্রত্যাশা বুঝতে হবে, কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত নীতি, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখাও জরুরি।
বক্তারা মনে করেন, একটি সংবাদমাধ্যমের প্রকৃত সাফল্য শুধু তার প্রকাশনার ধারাবাহিকতায় নয়; বরং পাঠকের আস্থা, সংবাদে বৈচিত্র্য, পেশাদারিত্ব, বিশ্বাসযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের ওপরই এর ভবিষ্যৎ নির্ভর করে।

বহুসাংস্কৃতিক সমাজে
গণমাধ্যমের নতুন দায়িত্ব
আলোচনার মূল বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক বাস্তবতা। বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী জনগোষ্ঠী নিজ নিজ ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে অস্ট্রেলিয়ার বহুমাত্রিক সমাজের অংশ হয়ে উঠেছে। এই সাংস্কৃতিক বৈচিত্র্যকে ইতিবাচকভাবে তুলে ধরা এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরিতে কমিউনিটি মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বক্তারা বলেন, একটি কমিউনিটি সংবাদমাধ্যম একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। একদিকে নিজস্ব কমিউনিটির মানুষের সমস্যা, সাফল্য, অর্জন ও সম্ভাবনার কথা তুলে ধরা; অন্যদিকে সেই কমিউনিটি এবং বৃহত্তর অস্ট্রেলিয়ান সমাজের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততার সেতু তৈরি করা।
আলোচনায় বাংলাভাষী অস্ট্রেলিয়ানদের জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, অস্ট্রেলিয়ার জাতীয় ও স্থানীয় সংবাদ, অভিবাসন, শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, কমিউনিটি কার্যক্রম এবং স্থানীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজ ও বোধগম্য ভাষায় তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

নতুন প্রত্যাশা নিয়ে 
ঢাকা সিডনি ইনসাইডার
অনুষ্ঠানে বক্তারা ঢাকা সিডনি ইনসাইডারের আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানান। একই সঙ্গে দায়িত্বশীল, নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা সিডনি ইনসাইডারের পক্ষ থেকে বলা হয়, শুধু সংবাদ প্রকাশ নয়—প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বৃহত্তর সমাজের মধ্যে একটি কার্যকর যোগাযোগের সেতু তৈরি করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
বাংলা ও ইংরেজি—দুই ভাষায় সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে যোগাযোগ আরও সহজ করার পাশাপাশি অস্ট্রেলিয়ার মূলধারার সমাজের কাছে বাংলাদেশি কমিউনিটির গল্প, সাফল্য, সম্ভাবনা ও অবদান তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।







 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com