হেফাজতে এমপি ও প্রথম স্ত্রী

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০১:২৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০১:২৫:২৮ অপরাহ্ন
ঢাকা, ২০ সেপ্টেম্বর : রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
পুলিশ জানায়, ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এ সময় এমপি গাজী নজরুল ইসলাম একই ফ্ল্যাটের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে। 
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও মৃত্যুর কারণ নির্ধারণে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তিনি বলেন, কখন তার মৃত্যু হয়েছে এবং এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলছে।
এর আগে চলতি বছরের জুলাইয়ে গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে গাজী নজরুল ইসলাম প্রকাশ্যে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
ওই ঘটনার পর ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের জানানো হয়।
মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও ফরেনসিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com