সিলেটে ‘বাংলাবিদ’ সপ্তম বর্ষের বাছাইপর্ব, ঢাকার পথে সেরা পাঁচ

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০২:৪৪:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০২:৪৪:১৭ পূর্বাহ্ন
সিলেট, ২৬ সেপ্টেম্বর : দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষাভিত্তিক দেশের অন্যতম বৃহৎ মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম বর্ষের সিলেট বিভাগীয় বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার ‘ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ’ প্রাঙ্গণে আয়োজিত এ বাছাইপর্বে সিলেট বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক বাছাইপর্ব শেষে সিলেট বিভাগের সেরা প্রতিযোগীরা ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি, শুদ্ধ বানান ও ভাষার সঠিক ব্যবহার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সপ্তমবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা ভাষাভিত্তিক এ প্রতিযোগিতা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফারজানা সিদ্দিকা এবং প্রথিতযশা আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতাটি পরিচালনা করেন চ্যানেল আইয়ের তাহের শিপন।
নির্বাচিত প্রতিযোগীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা করে আর্থিক পুরস্কার এবং সনদপত্র দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ এমদাদুল ইসলাম এবং জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক (সিলেট) মোহাম্মদ আনিসুজ্জামান পাটোয়ারী।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন এবং ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে বিভাগীয় পর্যায়ের সেরা ২০ প্রতিযোগী নির্বাচন করা হয়। পরবর্তী ধাপে বিচারকেরা নির্বাচিত প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের সুষ্ঠু প্রয়োগের দক্ষতা যাচাই করেন। এ প্রক্রিয়ার মাধ্যমে বিভাগীয় পর্যায়ের সেরা পাঁচ প্রতিযোগী ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিত মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পাবেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া প্রথম ১০ জন প্রতিযোগীর প্রত্যেককে একটি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত গ্রন্থাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি দেওয়া হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com