লুইপার যুক্তরাষ্ট্র যাত্রার সিদ্ধান্তে থমকে গেল আরটিভির ‘লিটল স্টার সিজন-২’ 

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০১:১০:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ০১:১০:৪১ পূর্বাহ্ন
ঢাকা, ১ অক্টোবর : দেশের অডিও অঙ্গনের পরিচিত কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে পূর্বনির্ধারিত শুটিংয়ে অংশ না নেওয়া এবং কথা রাখেননি বলে অভিযোগ করেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। ভিসা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত জানানোয় ‘আরটিভি লিটল স্টার সিজন-২’-এর কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি আরটিভিতে আবারও শুরু হয়েছে রিয়েলিটি শো ‘লিটল স্টার’-এর দ্বিতীয় সিজনের কার্যক্রম। এবারও অনুষ্ঠানের বিচারকের দায়িত্বে রয়েছেন লুইপা। প্রোমো শুট, পোস্টার শুট ও প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এমনকি প্রোমো ভিডিও, পোস্টারসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকেও সেসব প্রচার করেন তিনি।
আয়োজকদের দাবি, রিয়েলিটি শোটির পরিকল্পনা, শুটিং সিডিউল, পারিশ্রমিকের অগ্রিম গ্রহণ ও অন্যান্য নিয়মকানুন সম্পর্কে অবগত হয়েই লুইপা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কাজ শুরু করেছিলেন। তিনি স্টুডিও অডিশন রাউন্ডের শুটিংয়েও অংশ নেন। তবে ওই শুটিং শেষ হওয়ার পর হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার কথা জানিয়ে অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা কর্তৃপক্ষকে জানান লুইপা। তার বক্তব্য ছিল, তিনি যুক্তরাষ্ট্রে চলে যাবেন এবং সে কারণে ‘লিটল স্টার সিজন-২’-এর পরবর্তী কার্যক্রমে আর থাকতে পারবেন না।
আয়োজকদের ভাষ্য, বিষয়টি হঠাৎ জানানোয় অনুষ্ঠানটির পরবর্তী শুটিং ও পরিকল্পনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এতে শিশু-কিশোর প্রতিযোগী, তাদের অভিভাবক, স্পন্সর এবং অনুষ্ঠানসংশ্লিষ্টদের ওপরও প্রভাব পড়তে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।
লুইপাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বোঝানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্তে তিনি অটল রয়েছেন বলে তাদের দাবি।
এদিকে, হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতিতে ‘আরটিভি লিটল স্টার সিজন-২’-এর পরবর্তী কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া হবে, তা নিয়ে আরটিভি কর্তৃপক্ষ আলোচনা করছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিষয়টি নিয়ে লুইপার বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com