ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০১:৫৬:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ০১:৫৬:৫৫ পূর্বাহ্ন
ট্রেমেইন ভার্নন জোন্স (বামে)/ Macomb County Prosecutor's Office   ‘ভিক্টরি ইন’ হোটেল (ডানে)/ Google Map

রোজভিলে, ১ অক্টোবর : যুক্তরাষ্ট্রের একজন মার্শাল (ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা)-এর ছদ্মবেশ ধারণ করে ম্যাকম্ব কাউন্টির একটি হোটেলে বন্দুকের মুখে তিনজনকে ডাকাতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ডেট্রয়েটের বাসিন্দা ৫৫ বছর বয়সী ট্রেমেইন ভার্নন জোন্সের বিরুদ্ধে তিনটি সশস্ত্র ডাকাতি, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে আইন প্রয়োগকারী কর্মকর্তার ছদ্মবেশ ধারণের দুটি এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে গুরুতর অপরাধ (ফেলোনি) সংঘটনের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এছাড়া, এটি তার চতুর্থ অপরাধ হওয়ায় তাকে ‘অভ্যাসগত অপরাধী’ হিসেবেও অভিযুক্ত করা হয়েছে। ডাকাতির যেকোনো একটি অভিযোগে দোষী সাব্যস্ত হলে জোন্সের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার জে. লুসিডো এক বিবৃতিতে বলেন, বন্দুকের মুখে কাউকে ডাকাতি করা গুরুতর ও ভীতিকর অপরাধ। আর ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করে এমন অপরাধ সংঘটনের অভিযোগ বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। হুমকি ও সহিংসতার মাধ্যমে অন্যদের ক্ষতিগ্রস্তকারীদের জবাবদিহির আওতায় আনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অনলাইন আদালতের নথিপত্রে জোন্সের কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি। লুসিডো জানান, গত ৩১ জুলাই রোজভিলের ‘ভিক্টরি ইন’ হোটেলে ডাকাতির ঘটনাগুলো ঘটে। হোটেলটি ইন্টারস্টেট-৯৪-এর কাছে লিটল ম্যাক অ্যাভিনিউতে অবস্থিত।
গত ২৫ সেপ্টেম্বর রোজভিলের ৩৯তম ডিস্ট্রিক্ট কোর্টে জোন্সকে হাজির করা হয়। বিচারক ক্যাথলিন ই. টোরো তার জামিনের পরিমাণ ৭ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করেন।
অনলাইন কারাগারের নথি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জোন্স ম্যাকম্ব কাউন্টি জেলেই ছিলেন। আগামী ৭ অক্টোবর সকাল সাড়ে ৮টায় মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com