ঢাকের বাদ্য থেকে রসগোল্লার প্রতিযোগিতা

মিশিগানে ‘বিচিত্রা’র শারদীয়  উৎসবে থাকছে নানা চমক

আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১২:১২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১২:১২:৩৫ অপরাহ্ন
ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপ, ৫ অক্টোবর : শরতের আকাশে উৎসবের বার্তা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, গান, নাচ আর বাঙালির চিরচেনা আড্ডায় মুখর হতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব মিশিগান। বাঙালি সাংস্কৃতিক সংগঠন ‘বিচিত্রা’ মিশিগানের আয়োজনে আগামী ১৬ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। তিন দিনব্যাপী এ আয়োজনে পূজার পাশাপাশি থাকছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান, গান-বাজনা, নাচ, নাটক, প্রতিযোগিতা এবং বাঙালির প্রিয় নানা খাবারের আয়োজন।
৪৯২৫ অরচার্ড লেক রোডের ওয়েস্ট ব্লুমফিল্ড হাই স্কুলে অনুষ্ঠিতব্য এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে মিশিগানের বাঙালি সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রবাসের মাটিতে বাঙালির শেকড় ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার পাশাপাশি কয়েক দিনের জন্য হলেও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনাই এ আয়োজনের অন্যতম আকর্ষণ।
‘বিচিত্রা’র এবারের দুর্গোৎসবে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি থাকছে নানা বিনোদনমূলক আয়োজন। শিল্পকলা বা আর্ট, ঢাক-বাদন এবং বাঙালির জনপ্রিয় মিষ্টি রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা উৎসবে বাড়তি আনন্দ যোগ করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের সংশ্লিষ্ট দিনের অনুষ্ঠানের জন্য আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে।
তিন দিনের উৎসবজুড়ে গান, নাচ, নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের অংশগ্রহণও থাকবে বলে আশা করা হচ্ছে।
শুধু দুর্গাপূজাতেই শেষ হচ্ছে না ‘বিচিত্রা’র এবারের উৎসব। আগামী ২৪ অক্টোবর থাকছে বিশেষ বিজয়া উৎসব। এতে থাকবে নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারকাদের সঙ্গে ছবি তোলার সুযোগ।
বিজয়া উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন কুশল পাল ও যীশু সেনগুপ্ত। ফলে পূজার আবহ পেরিয়েও উৎসবের আনন্দ আরও কয়েক দিন ধরে উপভোগের সুযোগ পাবেন মিশিগানের বাঙালিরা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিন দিনের পূজার অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন করলে বিজয়া উৎসবে প্রবেশাধিকার সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
অর্থাৎ, তিন দিনের পূজার রেজিস্ট্রেশনের মধ্যেই চার দিনব্যাপী পূজা, উৎসব, খাবার, প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান উপভোগের সুযোগ থাকছে।

পাঁচ দশকের পথচলায় ‘বিচিত্রা’
দক্ষিণ-পূর্ব মিশিগানে বাঙালি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ‘বিচিত্রা’। প্রায় ৫০ বছর আগে প্রতিষ্ঠিত এই অলাভজনক বাঙালি সাংস্কৃতিক সংগঠনটি প্রতিবছর শারদীয় দুর্গোৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এবং প্রবাসে বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার প্রত্যয় থেকেই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। পূর্ব ভারতের বিশিষ্ট অঞ্চলটির ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগী ও দূরদর্শী কয়েকজন ব্যক্তিত্বের উদ্যোগে গড়ে ওঠা ‘বিচিত্রা’ দীর্ঘ পাঁচ দশকে মিশিগানের বাঙালি সমাজে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছে।
সময়ের সঙ্গে প্রবাসে বাঙালির জীবনযাত্রায় পরিবর্তন এলেও ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনকে অটুট রাখতে ‘বিচিত্রা’র মতো সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নতুন প্রজন্মকে বাঙালির উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তুলতে দুর্গোৎসবের মতো আয়োজন হয়ে উঠছে এক অনন্য মিলনমঞ্চ।
এবারের শারদীয় দুর্গোৎসবও তাই শুধু পূজার আয়োজন নয়- এ যেন প্রবাসের মাটিতে বাঙালির শেকড়, সংস্কৃতি, সম্প্রীতি ও মিলনের চার দিনের এক বর্ণিল উৎসব।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com