মহালয়ায় গীতাপাঠ ও প্রসাদ বিতরণ

হবিগঞ্জে শোকের আবহে অপরাজিতার দুর্গোৎসব 

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১১:০০:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১১:০০:১৭ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ৯ অক্টোবর : দুর্গোৎসবের আনন্দ আর উচ্ছ্বাসে মুখর থাকার কথা ছিল হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকার অপরাজিতা পূজা কমিটি। এবার ৩৬ বছরে পদার্পণের প্রাক্কালে উৎসবকে ঘিরে থাকার কথা ছিল বাড়তি উদ্দীপনা। কিন্তু গত কয়েক মাসে প্রিয় চারজনকে হারিয়ে কমিটির সদস্য ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফলে আসন্ন দুর্গোৎসবের আনন্দ অনেকটাই ম্লান হয়ে এসেছে।
একের পর এক প্রিয়জনের প্রয়াণে শোকাহত অপরাজিতা পূজা কমিটির সদস্য ও শুভানুধ্যায়ীরা। প্রথমে প্রয়াত হন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কমলাকান্ত সেনের কন্যা অমিতা রাণী ধর মিনতি। এরপর পরলোকগমন করেন কমিটির উপদেষ্টা শ্রী মনিলাল আচার্য। তাঁদের শোক কাটিয়ে ওঠার আগেই চলে যান কমিটির দীর্ঘদিনের সভাপতি শ্রী অরুণ কুমার দাশ। সর্বশেষ প্রয়াত হন বর্তমান সভাপতি মুকুল আচার্যীর ছোট বোন উমা আচার্য।
প্রিয়জনদের হারানোর বেদনায় এবারের শারদীয় উৎসবের চিরচেনা আনন্দে যেন বিষাদের ছায়া পড়েছে। পূজার আয়োজন এগিয়ে এলেও কমিটির সদস্যদের হৃদয়ে বেজে চলেছে হারানোর বেদনা। যাঁদের সঙ্গে জড়িয়ে আছে কমিটির দীর্ঘ পথচলা, যাঁদের অবদান ও স্মৃতি অপরাজিতা পূজা কমিটির ইতিহাসের অংশ, তাঁদের অনুপস্থিতি গভীরভাবে অনুভব করছেন সংশ্লিষ্টরা।
তবুও জীবনের নিজস্ব গতিতে এগিয়ে চলার পাশাপাশি প্রয়াতদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার প্রত্যয়ে উদ্যোগ নিয়েছে অপরাজিতা পূজা কমিটি। প্রয়াতদের আত্মার সদ্গতি ও শান্তি কামনায় আগামীকাল ১০ অক্টোবর, শনিবার, পবিত্র মহালয়া উপলক্ষে সন্ধ্যা ৭টায় কমিটি প্রাঙ্গণে পবিত্র গীতাপাঠ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পবিত্র গীতাপাঠ পরিবেশন করবেন পঙ্কজ ভট্টাচার্য। এ আয়োজনে উপস্থিত থেকে প্রয়াতদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় প্রার্থনায় অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com