মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:০৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:০৯:২৩ অপরাহ্ন
ডেট্রয়েট, ১২ অক্টোবর : দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহের শুরুতে স্বাভাবিকের তুলনায় উষ্ণ আবহাওয়া বিরাজ করলেও বুধবার নাগাদ তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের হোয়াইট লেক টাউনশিপ কার্যালয়ের আবহাওয়াবিদ কেভিন ক্যাকান জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত একটি উচ্চচাপ বলয়ের প্রভাবে মেক্সিকো উপসাগর থেকে জলীয় বাষ্প উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে মিসিসিপি ও ওহাইও উপত্যকা অঞ্চলে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া তৈরি হচ্ছে।
তিনি বলেন, সোমবার রাতে ও মঙ্গলবার দক্ষিণ মিশিগানের ওপর দিয়ে একটি শীতল বায়ুপ্রবাহ বা কোল্ড ফ্রন্ট ধীরে ধীরে অগ্রসর হবে। এর প্রভাবে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে।
এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার দক্ষিণ-পূর্ব মিশিগানে সর্বোচ্চ তাপমাত্রা ৭৮ থেকে ৮২ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ৬০ থেকে ৬৫ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
ডেট্রয়েটে অক্টোবর মাসে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৬২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪৪ ডিগ্রি ফারেনহাইট। সোমবার শহরটির সর্বোচ্চ তাপমাত্রা ৭৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৬৫ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকতে পারে। ১২ অক্টোবর ডেট্রয়েটের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৬৪ ডিগ্রি ফারেনহাইট।
এনডব্লিউএসের তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর ডেট্রয়েটে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৮৪ ডিগ্রি ফারেনহাইট, যা ১৯৯৫ সালে রেকর্ড করা হয়েছিল।
এদিকে, সোমবার রাতে ডেট্রয়েটসহ দক্ষিণ-পূর্ব মিশিগানের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আসন্ন পরিবর্তন
মঙ্গলবার ডেট্রয়েটে সর্বোচ্চ তাপমাত্রা ৮৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৬০ ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এনডব্লিউএসের তথ্যমতে, ১৩ অক্টোবর ডেট্রয়েটে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৬৩ ডিগ্রি ফারেনহাইট। তবে ১৯৭৫ সালের ১৩ অক্টোবর শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৮৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি থেকে শেষভাগে তাপমাত্রা কমে আসবে। এর ফলে দক্ষিণ-পূর্ব মিশিগানে শরৎকালের স্বাভাবিক আবহাওয়া ফিরে আসতে পারে।
আবহাওয়াবিদ কেভিন ক্যাকান বলেন, সপ্তাহের শেষ দিকে শীতল বায়ুপ্রবাহের প্রভাব বাড়বে। একই সঙ্গে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে একটি নতুন নিম্নচাপ ব্যবস্থা এগিয়ে আসছে।
বুধবার দক্ষিণ-পূর্ব মিশিগানে সর্বোচ্চ তাপমাত্রা ৬৫ থেকে ৭২ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে। ডেট্রয়েটে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৭০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫২ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ক্যাকান জানান, বুধবার ও বৃহস্পতিবার এ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি।
এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মিশিগানে সর্বোচ্চ তাপমাত্রা ৬২ থেকে ৬৭ ডিগ্রি ফারেনহাইট এবং শুক্রবার ৫৮ থেকে ৬১ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে। ডেট্রয়েটে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৬৬ ডিগ্রি এবং শুক্রবার ৬২ ডিগ্রি ফারেনহাইট হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্যাকান বলেন, বছরের এই সময়ের তুলনায় চলতি সপ্তাহের সামগ্রিক আবহাওয়া মোটামুটি স্বাভাবিক। সোমবার ও মঙ্গলবারের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা অক্টোবরের এই সময়ের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com